সীমান্ত নদী ইছামতী থেকে দুই বাংলাদেশীর লাশ উদ্ধার
সীমান্ত নদী ইছামতী থেকে পুলিশ শুক্রবার রাতে দুই বাংলাদেশী গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে। কালিগঞ্জ উপজেলার বাজারগ্রাম রহিমপুরের ইয়াদ আলীর ছেলে আরশাদ আলীর (৩৮) লাশ উক্সা এবং দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের বলাই সাহার ছেলে সঞ্জীব সাহা সুজতীর (৩০) লাশ সদর উপজেলার হাড়দ্দহ থেকে উদ্ধার করা হয়।
এ নিয়ে গত দু’দিনে চার গরু ব্যবসায়ীর লাশ ইছামতী থেকে উদ্ধার করা হলো।
আরশাদ আলীর লাশ উদ্ধার করার কথা স্বীকার করে কালিগঞ্জ থানার এসআই আক্কাস আলী বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, তার ধারনা আরশাদ আলীকে আটক করে বিএসএফ তার ওপর নির্যাতন চালায়। তারপর নদীতে ফেলে দিলে ঠান্ডাজনিত কারণে তার মৃত্যু হয়।
হাড়দ্দহ থেকে সুজতীর লাশ উদ্ধার করার কথা স্বীকার করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নওশের আলী বলেছেন, তার ধারনা আরশাদ আলীর মতো একইভাবে সুজতীরও মৃত্যু হয়েছে।
গত ১১ জানুয়ারি ইছামতী নদীর শিবনগর এলাকা থেকে পুলিশ রতন দাস ও নিত্যানন্দ দাস নামে দু’ভাইয়ের লাশ উদ্ধার করে।
