২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ উপদেষ্টা শপথ নিয়েছেন

তত্ত্বাবধায়ক সরকারের পাঁচ উপদেষ্টা শপথ নিয়েছেন। রাত আটটায় বঙ্গভবনে নতুন পাঁচ উপদেষ্টাকে শপথ পড়ান রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এ সময় উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2007, 02:41 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

শনিবার রাতে শপথ নেওয়া পাঁচ উপদেষ্টা হলেন ইত্তেফাক এর ব্যারিস্টার মঈনুল হোসেন, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান মীর্জা আজিজুল ইসলাম, বিজ্ঞাপন উদ্যোক্তা গীতিআরা সাফিয়া চৌধুরী, দুর্নীতি দমন ব্যুরোর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল এম এ মতিন এবং স্কয়ার গ্র“পের তপন চৌধুরী।   

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর প্রথমদিনেই ব্যস্ত সময় কাটাচ্ছেন ফখরুদ্দীন আহমদ। শনিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁর সঙ্গে দেখা করে প্রাথমিক কাজগুলো বুঝে নিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আলী ইমাম মজুমদার।

বেলা ১২টার একটু পরে তিনি তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। প্রথমে তিনি সেখানকার কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিন বাহিনীর প্রধানরা এরপর তাঁর সঙ্গে দেখা করেন। বিকেল সাড়ে ৪ টার পর তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা জানান।

একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, উপদেষ্টা পরিষদের সদস্যদের অন্তর্ভুক্তি চূড়ান্ত করতে সকাল থেকেই কাজ করছেন প্রধান উপদেষ্টা। মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার সকালে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন।

ফখরুদ্দীন আহমদ সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওঠেন। এ উপলক্ষে যমুনার চারদিকের রাস্তাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর সকাল থেকেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্যাপক কর্মচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।

বঙ্গভবনের দরবার হলে শুক্রবার সন্ধ্যা ৭ টায় ড. ফখরুদ্দীন আহমদকে শপথ পড়ান রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ। দুই একদিনের মধ্যেই উপদেষ্টা পরিষদের বাকি সদস্যদের নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে।

রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ প্রধান উপদেষ্টা হিসেবে ড. ফখরুদ্দীন আহমদকে সংবিধানের ৫৮ (গ) ধারা অনুসারে শপথ পড়ানোর সময় দুই পাশে সাবেক দুই রাষ্ট্রপতি এইচএম এরশাদ ও বদরুদ্দোজা চৌধুরীকে নিয়ে বসেছিলেন শেখ হাসিনা। তবে অনুষ্ঠানে বিএনপি নেতৃত্বাধীন চারদলের কাউকে দেখা যায়নি।  হাওয়া ভবন সূত্রে জানা যায়, সিদ্ধান্ত নিয়েই চার দলীয় জোট শপথ অনুষ্ঠান বর্জন করেছে।

অনুষ্ঠানে রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ক’টনীতিবিদ, সদ্য পদত্যাগকারী উপদেষ্টারাসহ সরকারি ও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থার প্রেক্ষাপটে বৃহস্পতিবার সন্ধ্যায় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে ইস্তফা দেন। একই সঙ্গে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। তত্ত্বাবধায়ক সরকারের নয় উপদেষ্টাও এসময় পদত্যাগ করেন। ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় বিচারপতি ফজলুল হককে।

প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। পরের বছর একই বিষয়ে তিনি প্রথম শ্রেণীতে প্রথম হয়ে এমএ ডিগ্রি লাভ করেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। পরে তিনি পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন এবং ১৯৭৮ সাল পর্যন্ত বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

১৯৭৮ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। এরপর তিনি চার বছর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৫ সালের ১ জুন তিনি পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দেন।  

এদিকে শুক্রবার বিকেলেই রাজধানীসহ মহানগর ও জেলা সদরগুলোতে জারি করা সান্ধ্য আইন প্রত্যাহার করা হয়।  তবে জরুরি অবস্থা এখনও বহাল রাখা হয়েছে।

অন্যদিকে ২২ জানুয়ারি নির্বাচনের সব কার্যক্রম স্থগিত করে নির্বাচন কমিশন।

উপসচিব (নির্বাচন) মিহির সরওয়ার মোরশেদ নফহবংি২৪.পড়স কে জানান, রাষ্ট্রপতির ভাষণের পর নির্বাচন কমিশন সমস্ত নির্বাচনী কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।