ঝিনাইদহে র্যাবের 'এনকাউন্টারে' চরমপন্থি নিহত
হরিণাকুন্ডু উপজেলার ভায়না গ্রামে বৃহস্পতিবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘এনকাউন্টারে’ মহিউদ্দিন (৬০) নামে চরমপন্থি দলের এক সদস্য নিহত হয়েছেন।
মহিউদ্দিন একই উপজেলার বাগআঁচড়া গ্রামের মৃত মকসেদ আলীর ছেলে। র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করার কথা জানিয়েছে।
র্যাব-৬ এর উপ--অধিনায়ক মেজর বশির জানান, ভায়না গ্রামের একটি মাঠে চরমপন্থি দলের সদস্যদের বৈঠক করার সংবাদ পেয়ে রাত সাড়ে ১২ দিকে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে চরমপন্থিরা গুলি ছুঁড়তে শুরু করলে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে ৩০-৩৫ মিনিট বন্দুকযুদ্ধের পর চরমপন্থিরা পালিয়ে গেলে র্যাব ঘটনাস্থল থেকে মহিউদ্দিনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।
র্যাব জানায়, নিহত মহিউদ্দিন গণমুক্তি ফৌজের সদস্য ছিল। তার বিরুদ্ধে দুটি হত্যাসহ ৭টি মামলা আছে।
