তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১, আহত ৭
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে একজন নিহত ও সাতজন আহত হয়েছে। শুক্রবার বিকেলে তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। উভয়পক্ষ সীমান্তে সৈন্য সংখ্যা বৃদ্ধি করে মুখোমুখি অবস্থান নিয়েছে।
বিডিআর ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সীমান্তের ৪৩২ নং মেইন পিলার সংলগ্ন বাংলাদেশী এলাকায় নিজেদের জমির সীমানা নির্ধারণ করার সময় ভারতের নয়াবাড়ি বিএসএফ ফাঁড়ির সদস্যরা কাঁটাতারের বেড়ার বাইরে এসে অতর্কিতে লোকজনের ওপর গুলি চালায়।
এতে মোবারক আলী (৩৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এ সময় মখলেছার (৪০), খলিল (৩৫), আলী (২০), গাফফার (৩০), ইয়াকুব (১০), শহিদুল (১৮) ও আলম (২০) নামে আরও সাত বাংলাদেশী গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে ইয়াকুব, শহিদুল ও আলমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। গুলিবিদ্ধ শহিদুলের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের সবার বাড়ি ওই সীমান্তের পেদিয়াগজ গ্রামে। গ্রামবাসীরা মোবারকের লাশ নিয়ে আসে।
গ্রামবাসীরা জানায়, বিএসএফ তাদের লক্ষ্য করে কমপক্ষে ১০ রাউন্ড গুলি চালায়।
পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শেখ ফরিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।
