২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বিয়েবাড়িতে হামলা, কনের মামা নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নরেন্দি গ্রামে একদল সন্ত্রাসী বিয়ে বাড়িতে হামলা চালিয়ে পিটিয়ে হত্যা করেছে কনের মামা তাহের আলীকে (৩৮)। সোমবার সন্ধ্যায় এই হত্যাকাণ্ড ঘটে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2007, 07:20 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

জানা গেছে, ওই গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে শেফালিকে পাশের বাড়ির ইব্রাহিম মিয়ার ছেলে, পাওয়ার লুম শ্রমিক সোহেল বিয়ে করতে চেয়েছিল। কিন্তু শেফালির বাবা সোনারগাঁও উপজেলার কোবাগা গ্রামের তোফাজ্জলের সঙ্গে তার বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।

সোমবার ছিল বিয়ের দিন। প্রত্যক্ষদর্শীরা জানান, বরযাত্রীরা কনের বাড়িতে পৌঁছালে সোহেল, নুর মোহাম্মদ, সোলোমোন ও ডালিমসহ ১০/১২ জন সন্ত্রাসী বরযাত্রীদের গাড়ি ভাঙচুর করে। এরপর সন্ত্রাসীরা মেয়ের মামা তাহের আলীকে বেদম মারধর করলে ঘটনাস্থলেই তিনি মারা যায়।

খবর পেয়ে এসআই বিপ্লব কিশোরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে নববধূসহ বরযাত্রীদের অন্য রাস্তা দিয়ে বরের বাড়িতে যাওয়ার ব্যবস্থা নেয়।

পুলিশ রহস্যজনক কারণে হত্যা মামলা না নিয়ে ঘটনাটিকে অপমৃত্যু হিসেবে রেকর্ড করেছে।

এসআই বিপ্লব কিশোর জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মামলা দায়ের করা হবে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।