২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা ৭২ ঘন্টা চলবে অবরোধ

মহাজোট দু’দিনের অবরোধ বাড়িয়ে তিনদিন করেছে। রোববার থেকে শুরু হয়ে অবরোধ চলবে মঙ্গলবার পর্যন্ত টানা ৭২ ঘণ্টা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2007, 10:21 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

শনিবার রাতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিলের গুলশানের বাসায় মহাজোটের সমন্বয় কমিটির বৈঠকে সময় বাড়ানোর এই সিদ্ধান্ত হয়।

রাত ৭টা থেকে পৌনে ৯টা পর্যন্ত চলা বৈঠকে মঙ্গলবার বঙ্গভবন ঘেরাও ও বুধবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ঢাকার পল্টনে সমাবেশ করারও সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে জলিল সাংবাদিকদের বলেন, জনগণকে নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত রাখা এবং তাদেরকে কীভাবে আন্দোলনে যুক্ত করা যায় তার বিভিন্ন দিক  নিয়ে আলোচনা হয়েছে।

তিনি প্রহসনের এই নির্বাচন বর্জনের জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

জলিল বলেন, স্থল ও নৌপথ অবরোধের মাধ্যমে ঢাকাকে তিনদিন সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে রাখা হবে। তবে হজ ফেরত যাত্রী, পরীক্ষার্থী ও রোগী বহনকারী যানবাহন অবরোধের বাইরে থাকবে বলে তিনি জানান।

বুধবারের মহাসমাবেশে মহাজোটের পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি জানান।

সেনাবাহিনীকে উদ্দেশ করে তিনি বলেন, “তারা যেন অবৈধ সরকারের অবৈধ নির্বাচনী কাজে সহায়তা না করে।”

পুলিশ ও র‌্যাবকেও এর অংশীদার না হওয়ার অনুরোধ জানান তিনি।

জলিল বলেন, যারা পোলিং ও প্রিজাইডিং অফিসার হবেন তাদের নিজেদের দায়দায়িত্ব নিজেদেরই বহন করতে হবে।

আমীর হোসেন আমুর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, কাজী জাফরউল্যাহ, বদরুদ্দোজা চৌধুরী, মেজর আব্দুল মান্নান, মাহী বি চৌধুরী, কাজী জাফর আহমেদ, রুহুল আমীন হওলাদার, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু প্রমুখ।