অবরোধ সামনে রেখে গ্রেপ্তার ২২শ ছাড়িয়েছে
মহাজোটের অবরোধ কর্মসূচিকে সামনে রেখে গত দুইদিনে গ্রেপ্তারের সংখ্যা ২২ শ ছাড়িয়েছে। পুলিশের এক শীর্ষ কমকর্তা একে ‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিযান বলে অভিহিত করেছেন।
পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, এ অভিযান চলবে।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এবং মিডিয়া সেল প্রধান, সহকারী পুলিশ মহা-পরিদর্শক ( এআইজি ) মতিউর রহমান এ গ্রেপ্তার অভিযান সম্পর্কে নফহবংি২৪.পড়স কে বলেন, “ অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সরকার বিরোধী কর্মকাণ্ড ও নাশকতার আশঙ্কায় পুলিশ ‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ (প্রিভেন্টিভ অ্যারেষ্ট) অভিযান চালাচ্ছে।”
তিনি জানান, অবরোধ কর্মসূচির কারণে বিভিন্ন জেলা থেকে ৪,০০০ পুলিশ সদস্য ঢাকায় আনা হয়েছে। পাশাপাশি র্যাব, বিডিআর এবং আনসার সদস্যদেরও মোতায়েন করা হবে।
পুলিশের কয়েকটি সূত্র থেকে জানা গেছে, রাজধানীর ৩৩ টি থানা এলাকায় শুক্রবার বিকেল পর্যন্ত ১৫০০ এবং পরদিন শনিবার বিকেল পর্যন্ত আরো সাত শতাধিক লোককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও র্যাব এই অভিযান চালাচ্ছে।
এআইজি মতিউর রহমান বলেন, “বড় কোন রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ নাশকতা ও গোলযোগের আশঙ্কা করলে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এধরনের তৎপরতা চালাতে পারে। যে কাউকে গ্রেপ্তার করতে পারে।”
অবরোধ কর্মসূচিতে সেনা মোতায়েন সম্পর্কে এক প্রশ্নের জবাবে মতিউর রহমান বলেন, “এব্যাপারে পুলিশের কিছু বলার নেই। যা বলার সরকারের উচ্চ পর্যায় থেকে বলা হবে।”
জানা গেছে, ঢাকা মহানগর পুলিশ কমিশনার গত বৃহষ্পতিবার নগরীর ৩৩ থানার ওসিদের নিয়ে জরুরি সভা ডেকে গ্রেপ্তারের পাশাপাশি অবরোধ কর্মসূচিকালে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন।
আওয়ামী লীগ ও মহাজোটের অন্য রাজনৈতিক দলগুলো অভিযোগ করেছে, ৭ ও ৮ তারিখের অবরোধ কর্মসূচি ভন্ডুল করার জন্য র্যাব ও পুলিশ তাদের নেতা, কর্মী ও সমর্থকদের গণগ্রেপ্তার করে নির্যাতন ও হয়রানি করছে।
