শীতে আরও ২৪ জনের মৃত্যু
তীব্র শৈত্য প্রবাহের কারণে শীত ও শীতজনিত রোগে আক্রান্ত হয়ে বরিশালের কলাপাড়া, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, চাঁদপুর, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ায় গত দুই দিনে ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে নফহবংি২৪.পড়স এর হিসাব অনুযায়ী গত চারদিনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ এ।
শৈত্য প্রবাহের সঙ্গে ঘন কুয়াশার কারণে দেশের বিভিন্ন স্থানে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। নানা স্থানে আটকা পড়েছে অনেক লঞ্চ। শনিবার রাত ৯টা থেকে রোববার সকাল পর্যন্ত টানা সাড়ে ১১ ঘণ্টা বন্ধ ছিল দৌলতদিয়া--পাটুরিয়া ফেরি চলাচল।
দেশের বিভিন্ন স্থান থেকে নফহবংি২৪.পড়স -- এর প্রতিনিধিদের পাঠানো খবর :
কলাপাড়া (বরিশাল): কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নে গত ৪৮ ঘন্টায় ৭ জন মারা গেছেন বলে জানান ইউপি সদস্য কহিনুর বেগম। এরা হচ্ছেন, নাছনাপাড়া গ্রামের আলাম শরীফ (৭০), একই গ্রামের রহীম গাজীর মা (৬৫, নাম জানা যায়নি), রজপাড়া গ্রামের নুরজাহান বেগম (৬৫), বাদুরতলীর জবিদুন্নেছা (৮০), পূর্ব বাদুরতলীর কালাই ফকির (৮৫), পূর্ব রজপাড়ার কাঞ্চনের মাতা (৬৫) এবং টিয়াখালীর আদম আলী (৭০)।
সিরাজগঞ্জ: ২৪ ঘণ্টায় জেলার সদর, চৌহালী ও শাহজাদপুর উপজেলায় ছয়জন মারা গেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ পৌরসভার দ্বিয়ার ধানগড়া গ্রামে মহিরউদ্দিন (৭০), আছাতুন বেওয়া (১১০) এবং ভানু খাতুন (৭৫) ঠাণ্ডা সহ্য করতে না পেরে মারা যান। শাহজাদপুর পৌর এলাকার মনিরামপুর বাজার এলাকার ব্রজ গোপাল বসাক (৮০) মারা যান রোববার ভোররাতে। চৌহালী উপজেলার গোপরাখি গ্রামের আব্দুল আজিজ (৭০) শনিবার মাঝরাতে মারা যান। সোনাউল্লাহ (৭০) নামে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সাতক্ষীরা : শীত ও শীতজনিত রোগে ২৪ ঘণ্টায় সাবেক এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ মারা গেছে চারজন। কলারোয়া উপজেলার মুরারীকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম (৬৫) রোববার ভোরে ওজু করার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন। কোল্ড ডায়ারিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন ইলিশপুর গ্রামের পপি (১) ও দিয়াড়া গ্রামের কফিলউদ্দিন (৬৬)। রোববার দুপুরে নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামের বরকতউল্লাহ (৮৭) মারা যান।
চাঁদপুর: প্রচন্ড শীতে শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শনিবার গভীর রাতে চাঁদপুরে তিনজনের মৃত্যু হয়েছে। শ্বাসকষ্টে মারা গেছেন হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের আমতলী এলাকার বিবি খোদেজা (১২০) এবং শাহরাস্তি উপজেলার দাওড়া গ্রামের মুফতি আখতারুজ্জামান (৮৫)। নিউমোনিয়ায় মারা যায় শ্রীপুর গ্রামের ২১ দিন বয়সী শিশু সিজার।
এদিকে কুয়াশার কারণে প্রায় ৪০টি লঞ্চ শনিবার রাত থেকে চাঁদপুরের বিভিন্ন চরে আটকে থাকার পর ৮/১০ ঘন্টা দেরিতে গন্তব্যে পৌঁছাতে শুরু করে। চাঁদপুর নদী বন্দরের টিআই সোলেমান জানান, রোববার দুপুর ২টা পর্যন্ত ১৬টি লঞ্চ ঘাটে এসে পৌঁছাতে পেরেছে।
ব্রাহ্মণবাড়িয়া: শীতের কারণে জেলায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার ভোর রাতে নবীনগর উপজেলা সদরের জল্লা গ্রামের আবদুল জলিল (৬৫), খাগাতোয়া গ্রামের মালু মিয়া (৯৫) এবং একই গ্রামের নমরাজ বেগম (৮০)। এ নিয়ে গত ৩ দিনে জেলায় শীতজনিত রোগে আটজনের মৃত্যু হল।
এরা হচ্ছেন আখাউড়ার বাওতলা গ্রামের জেসমিন (৭), আখাউড়া রেল ষ্টেশন এলাকার অজ্ঞাত এক শিশু, সদর উপজেলার চর-ইসলামপুরের রাজামারিয়া কান্দি গ্রামের সুরবালা ঋষিদাস (৫৫), কারাছড়া গ্রামের মন্তাজ মিয়া (৫২), এবং নাসির নগর উপজেলার ফাহেতুরা গ্রামের মন্নর আলী (৫৪)।
সংশ্লিষ্ট চিকিৎসকরা জানান, এরা শীতজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। জেলা প্রশাসন অবশ্য শীতে আক্রান্ত হয়ে মৃত্যুর ব্যাপারে কোন তথ্য দিতে পারেনি। শীত বস্ত্র বিতরণেও তাদের কোনো উদ্যোগ নেই বলে জানা গেছে।
সিলেট: পাহাড়ি এলাকায় শীতে ও শৈত্য প্রবাহে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। শনিবার রাতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিহাইন হাওর পারে কৃষক নুর হবি (৪০) মারা যান। তার বাড়ি জেলার উজান তাহিরপুর গ্রামে। হাওরে দিনভর কাজ করে বাড়ি ফেরার পর রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। পরিবারসূত্রে এ খবর জানা গেছে। এ ব্যাপারে তাহিরপুর থানা কিছুই জানে না বলে জানায়।
রাজবাড়ী: শনিবার রাতে দৌলতদিয়া -- পাটুরিয়া নৌপথ এ সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল। রাত ৯টা থেকে রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকে। দুই পাশে আটকা পড়ে প্রায় ২ শরও বেশি যাত্রীবাহী গাড়ি।
ভোলা: কুয়াশার কারণে বরিশাল ও ঢাকা থেকে ভোলা, বোরহানউদ্দিন, দৌলতখান ও লালমোহনের উদ্দেশে ছেড়ে আসা অন্তত ১২টি যাত্রীবাহী লঞ্চ বিভিন্ন চরে আটকে আছে। লঞ্চের অনেক যাত্রী মোবাইল ফোনে জানান, তারা কোথায় আটকে আছেন, ঘনকুয়াশার কারনে তাও বুঝতে পারছেন না। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভোলার কোথাও সূর্য দেখা যায়নি।
