২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাপাইনবাবগঞ্জে জামায়াত কর্মীদের মারধরে আ. লীগের ১০ জন আহত

জামায়াতের রোকন নজিবুর রহমান হত্যার প্রতিশোধ নিতে দলীয় কর্মীদের মারধরে আওয়ামী লীগের ১০ কর্মী-সমর্থক আহত হয়েছেন শনিবার ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2007, 04:21 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

সকাল সাড়ে ৯ টার দিকে শহরের মহানন্দা সেতুর টোলঘর এলাকায় মাইক্রোবাস থেকে আওয়ামী লীগ কর্মী-সমর্থকদের নামিয়ে জামায়াত কর্মীরা ফুলকুড়ি ইসলামিক একাডেমির পেছনে নির্জন বাগানে নিয়ে মারধর করে।

আহতর ও প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াতের ৪০/৫০ কর্মী লাঠিসোঠা ও গাছের ডাল দিয়ে আওয়ামী লীগ কর্মী সমর্থকদের পেটায়। এ সময় ঘটনাস্থলে জামায়াত নেতা চাঁপাইনবাবগঞ্জ পৌর কমিশনার রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরে পুলিশ আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। তারা হলেন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউপির ভোলামারি চাঁদপুর গ্রামের কাইফুল হকের তিন ছেলে সাইদুর রহমান (৫৫), হায়দার (২২), ও মিনহাজ (২৭), তসলিম উদ্দিন (৫৫), আতাউর রহমান (৪৮), আব্দুল লতিফ (৫০), রফিক (৪৭) মোহবুল আলম (৪৫) ও ইউসা (৫০)। মাইক্রোবাসে এরা সবাই একটি বিয়ের দাওয়াতে রাজশাহী যাচ্ছিল।

গত ২২ ডিসেম্বর রাতে শিবগঞ্জের শাহবাজপুরে জামায়াত-আওয়ামী লীগ সংঘর্ষে স্থানীয় জামায়াত নেতা নজিবুর রহমান নিহত হন। এর প্রতিশোধ হিসেবে শাহবাজপুরের আওয়ামী লীগ কর্মী সমর্থকদের মারধর করা হয়েছে বলে আহতরা জানান।

এ ব্যাপারে জামায়াত নেতা রফিকুল ইসলাম বলেছেন, “বাড়ির পাশেই লোকজনকে মারধর করা হচ্ছে জেনে আমি ঘটনাস্থলে যাই। আমরা আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। কে বা কারা মেরেছে তা জানি না।”

সদর থানার ওসি মাহবুবুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। এদের মধ্যে কয়েকজন নজিবুর হত্যা মামলার আসামী রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কে বা কারা মেরেছে তা এখনও জানা যায়নি।”