ঢাকার ২৯ জায়গায় অবরোধ করবে মহাজোট
রবিও সোমবারের অবরোধে রাজধানী ২৯টি জায়গায় অবস্থান নেবে মহাজোট।
গাবতলী বাসস্ট্যান্ড, মিরপুর ১০ নম্বর গোল চত্বর, রাসেল স্কোয়ার, মহাখালী, মগবাজার, যাত্রাবাড়ী চৌরাস্তা, সদরঘাট, শাপলা চত্বর, নূর হোসেন স্কোয়ার, শাহবাগ মোড়, ফার্মগেট, চকবাজার, মালিবাগ মোড়, শ্যামলী সিনেমা হলের সামনেসহ ২৯ টি জায়গায় অবস্থানের বিষয়টি শনিবার চূড়ান্ত করা হয়।
রোববার ও সোমবারের অবরোধ সফল করতে আওয়ামী লীগের কেন্দ্রিয় কার্যালয়ে শনিবার এক প্রস্তুতি সভায় অবরোধের জায়গা নির্ধারণের পাশাপাশি নির্বাচন প্রতিহত করার জোর সংকল্প জানানো হয়।
২২ জানুয়ারির নির্বাচনে অংশ নেওয়াকে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মনে করছেন মহাজোট নেতারা।
নির্বাচন বর্জনের পর তা প্রতিহত করতে জোর সংকল্প জানিয়ে তারা বলছেন, যারা নির্বাচন করবে বা করাবে তাদের সবার বিচার হবে গণআদালতে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন, আওযামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, ঢাকা মহানগর জাতীয় পার্টির সভাপতি আবু হোসেন বাবলা, ন্যাপের এম এ গণি, ওয়ার্কার্স পার্টির হাজেরা সুলতানা, এ কে এম রহমতউল্লাহ, ওমর আলী, হাজী সেলিম প্রমুখ।
সভায় বক্তব্য দিতে গিয়ে ওবায়দুল কাদের বলেন,“আমরা নির্বাচনে জেতার গ্যারান্টি চাই না। আমরা নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি চাই।”
তিনি বলেন, অবরোধ আরো কঠিন হবে। সড়ক, রেল ও নৌপথ এবং স্থল, নৌ এবং সমুদ্র বন্দরসহ সব কিছু বন্ধ থাকবে। যত বাধা আসুক অবরোধ চলবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন,“যেখানে কুচক্রী থাকে সেই বঙ্গ ভবন অবরোধ করা হবে। বঙ্গ ভবনের পানি, গ্যাস, বিদ্যুৎ এমনকি অক্সিজেন বন্ধ করে দেয়া হবে।”
