২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘২২ জানুয়ারির নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না’

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন, “২২ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন জাতীয় ও আর্ন্তজাতিক স্বীকৃতি পাবে না।” এজন্য এ নির্বাচনে সরকারী  কোন কর্মচারীকে জড়িত না হওয়ার আহ্বান জানান তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2007, 06:57 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

শুক্রবার বিকেলে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ সমাবেশে তারা রাষ্ট্রপতি ইয়াজউদ্দীন আহমেদকে প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগের আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, “আমাদের আন্দোলন নিরপেক্ষ নির্বাচনের বিরুদ্ধে নয়, আন্দোলন নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান আয়োজনের জন্য।” উপদেষ্টাদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা পূর্বসুরীদের পথ অনুসরণ করে পদত্যাগ করুন।”

আব্দুল জলিল বলেন, সংবিধানের বাধ্যবাধকতা শুধু ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান নয়। নির্বাচন অনুষ্ঠানের জন্য ভোটার তালিকা একটি পূর্বশর্ত। তিনি বলেন, মহাজোটের অংশ গ্রহণ ছাড়া কোন নির্বাচন হবে না।

আব্দুর রাজ্জাক বলেন, তারা শেষ দিন পর্যন্ত অপেক্ষা করেছেন। কিন্তু ভোটার তালিখা ছাড়া জনগণ ভোট দেবে কিভাবে।

তোফায়েল আহমেদ বলেন, “ইয়াজউদ্দীন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারকে দলীয় সরকারে পরিণত করেছে, দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে।” তিনি বলেন, যেকোনো মূল্যে নির্বাচন প্রতিহত করা হবে।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ২২ জানুয়ারি তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করতে পারবে না। ইয়াজউদ্দীন আহমেদকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশকে আর সর্বনাশের দিকে নেবেন না।

সমাবেশে জাতীয় পার্টি ও এলডিপির কোনো নেতাকে দেখা যায় নি। সমাবেশে বক্তব্য রাখেন, মতিয়া চৌধুরী,  মো. নাসিম,  বিমল বিশ্বাস, দিলীপ বড়–য়া, শিরিন আক্তার, মুকুল বোস, ড. মোস্তফা জালাল মহিউদ্দীন, এম এ গণি প্রমুখ।