গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নিরপেক্ষভাবে দ্রুত পদক্ষেপ নিন : যুক্তরাষ্ট্র
নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনকে নিরপেক্ষতার সাথে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার বলা হয়, তাদের সমর্থনের বিষয়টি নির্ভর করছে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির ওপর।
এছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের নির্বাচন বর্জনের ঘোষণায় হতাশা ব্যক্ত করে বিজ্ঞপ্তিতে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি আবারো বিবেচনা করার জন্য তাদের প্রতি আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ। আগের নির্বাচনগুলো আন্তর্জাতিক অঙ্গনে নিরপেক্ষতার প্রমান রাখতে সক্ষম হয়েছিল।
নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরিতে পুনরায় সব দলের মধ্যে গঠনমূলক সংলাপ শুরু করার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজনৈতিক প্রতিবাদ কর্মসূচি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হলেও গণতন্ত্রে সংঘাতের কোন স্থান নেই। তাই সংঘাতের পথ পরিহার করে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।
এছাড়া বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
