২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৬ সালে রাজনৈতিক সহিংসতায় নিহত ৩৭৪

গত বছর সারাদেশে রাজনৈতিক সহিংসতায় ৩৭৪ জন নিহত ও ২১ হাজার ২৬৫ জন আহত হয়েছেন। এ ছাড়া একই সময়ে আইন প্রয়োগকারী সংস্থার হাতে প্রাণ হারিয়েছেন ৩৫৫ জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2007, 07:56 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

মানবাধিকার সংগঠন ‘অধিকার’ বৃহস্পতিবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে।

দেশের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন এবং নিজেদের তথ্যানুসন্ধানের ভিত্তিতে এ প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে জানায় সংগঠনটি।

অধিকার এক বিজ্ঞপ্তিতে জানায়, বার্ষিক এ প্রতিবেদনটি তৈরির ক্ষেত্রে তারা দেশের ১৪টি দৈনিকের তথ্য ব্যবহার করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৬ সালে আইন প্রয়োগকারী সংস্থাসমূহের হাতে ৩৫৫ জনের মধ্যে ২৯০ জনই প্রাণ হারিয়েছেন ‘ক্রসফায়ার’ এ। এদের মধ্যে ১৮১ জন র‌্যাবের ‘ক্রসফায়ার’ এ, ১০০ জন পুলিশের ‘ক্রসফায়ার’ এ এবং  ৯ জন অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার ‘ক্রসফায়ার’ এ মারা যান।

অন্যদিকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে নিহত ৩৫৫ জনের মধ্যে অন্য ৬৫ জন নিহত হয়েছেন নানাভাবে। এদের মধ্যে ২০ জন পুলিশের এবং ৪ জন নিহত হয়েছেন র‌্যাবের নির্যাতনে, ৬ জন র‌্যাব কর্তৃক, ২৫ জন পুলিশ কর্তৃক, ৬ জন বিডিআর কর্তৃক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এবং ২ জন র‌্যাব কর্তৃক গ্রেপ্তারের পর হাসপাতালে, ১ জন পুলিশ এবং জনতার সংঘর্ষের সময় পুলিশের গুলির শব্দে এবং ১ জন পুলিশ ভ্যানের নীচে চাপা পড়ে নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, ২০০৫ সালে আইন প্রয়োগকারী সংস্থার হাতেই ৩৭৪ জন প্রাণ হারান। ২০০৬ সালে ২০০৫ সালের তুলনায় আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক নিহত ও ‘ক্রসফায়ার’ এ মৃত্যুর হার হ্রাস পেয়েছে শতকরা ১০ ভাগ। 

২০০৬ সালকে ‘রাজনৈতিক সংঘাতময়’ বছর হিসেবে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, গত বছর সারাদেশে ৩৭৪ জন ব্যক্তি নিহত, ২১ হাজার ২৬৫ জন আহত, ২ হাজার ৩৫৮ জন গ্রেপ্তার এবং ৪৮ জন অপহৃত হয়েছেন। এ ছাড়া গণগ্রেপ্তারের শিকার হয়েছেন ২৮ হাজার ৬৫১ জন।

অন্যদিকে, ২০০৫ সালে রাজনৈতিক সহিংসতায় ৩১০ জন নিহত, ৮ হাজার ৯৯৭ জন আহত, ১ হাজার ২১৬ জন গ্রেপ্তার এবং ৯৩ জন অপহৃত হয়েছেন।

নিহত, আহত, গ্রেপ্তার এবং অপহরণের সংখ্যা ২০০৫ সালের তুলনায় ২০০৬ সালে যথাক্রমে বৃদ্ধি পেয়েছে ২১%, ১৩৬%, ৯৪% এবং অপহরণ হ্রাস পেয়েছে ৪৮%।   

২০০৬ সালে ৬২ জন ব্যক্তি জেল এবং ১২ জন থানা হেফাজতে মৃত্যু বরণ করেছেন। অন্যদিকে ২০০৫ সালে ৭৬ জন কারাগারে এবং ৬ জন থানা হেফাজতে মারা গেছেন। ২০০৬ সালে ২০০৫ সালের তুলনায় থানা এবং জেল হেফাজতে মৃত্যুর হার হ্রাস পেয়েছে ১০%।

‘অধিকার’-- এর প্রতিবেদন অনুযায়ী ২০০৬ সালে সারাদেশে মোট ১ জন সাংবাদিক নিহত, ১৮৩ জন সাংবাদিক আহত হয়েছেন। এই একই সময়ে ৬ জন সাংবাদিক গ্রেপ্তার, ৫৩ জন লাঞ্ছিত, ২৮ জনের ওপর হামলা (এর মধ্যে ১টি প্রেসক্লাব, ৪ টি সংবাদপত্র অফিস, ২টি পত্রিকা ছাপাখানা, ১টি মিটিং এবং ১টি সেমিনারে আক্রমণের ঘটনা ঘটেছে), ১১১ জনের বিরুদ্ধে মামলা এবং ১১৪ জন সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

‘অধিকার’ প্রণীত এই রিপোর্টে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী ২০০৫ সালে ২ জন সাংবাদিক নিহত, ১৪২ জন আহত, ১১ জন গ্রেপ্তার, ৪ জন অপহৃত, ৫৩ জন লাঞ্ছিত, ২৪৯ জন হুমকির শিকার, ১৫ জনের ওপর হামলা এবং ১৩০ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ২০০৬ সালে সাংবাদিকদের ওপর হামলার হার ২০০৫ সালের তুলনায় কমেছে ১৮%।

এ ছাড়া ২০০৬ সালে সারাদেশে মোট ১ হাজার ৪৩ টি শিশু মানবাধিকার লংঘনের শিকার হয়েছে। এদের মধ্যে ৩৬৬ জন নিহত, ১৩৯ জন আহত, ২২৭  জন ধর্ষিত, ৯৩ জন অপহৃত, ৫২ জন আত্মহত্যা, ১২ জন গ্রেপ্তার, ২০ জন এসিড নিক্ষেপের শিকার এবং ১৩৪ জন নিখোঁজ হয়েছে।  ২০০৬ সালে ২০০৫ সালের তুলনায় শিশু মানবাধিকার লংঘনের হার হ্রাস পেয়েছে ৮%।