২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বর্তমান পরিস্থিতি জাতিকে বড় ধরনের সংকটের মুখে ফেলেছে: শোয়েব আহমেদ

মহাজোটের পক্ষ থেকে নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার পর রাজনৈতিক পরিস্থিতি সংকটের মুখে পড়েছে বলে মনে করেন উপদেষ্টা ড. শোয়েব আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2007, 04:36 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

বৃহস্পতিবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের শোয়েব আহমেদ বলেছেন, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতি জাতিকে বড় ধরনের সংকটের মুখে ফেলেছে। এখান থেকে বেরিয়া আসাটা জরুরি।”

সংকট থেকে উত্তরণ সম্পর্কে শোয়েব বলেন, “সংকট উত্তরণের জন্য কী করা যায় তা নিজেদের মধ্যে বসে আলোচনা করতে হবে। কিভাবে করবো তাও আলোচনার বিষয়।”

আলোচনায় কী সিদ্ধান্ত নেওয়া হতে পারে এরকম এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সঠিক সময়েই তা জানতে পারবেন। আগে থেকে কিছু ভেবে নেওয়া ঠিক হবে না।”

মহাজোটের নির্বাচন বর্জনের ঘোষণার একদিনেরও বেশি অতিবাহিত হলেও এখনও উপদেষ্টা পরিষদের কোন বৈঠক অনুষ্ঠিত হয়নি সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “বসা হয়নি বা বসা হবে না এটা ঠিক নয়। নির্দিষ্ট সময়ে আমরা বসবো। আমরা কিছু করছি না এটাও ভাবা ঠিক হবে না।”

তিনি বলেন, “আমরা রাষ্ট্রপতির সঙ্গে বসবো, আপনারা জানতে পারবেন। এ আলোচনায় শুধু নির্বাচনের বিষয়টিই প্রাধান্য পাবে।”

সংকট সমাধানে বড় রাজনৈতিক দলগুলোর দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, “আমরা ‘গ্রাউণ্ড ওয়ার্ক’ করছি, অল্প সময়েই কিছু করার চেষ্টা করবো।”

২২ জানুয়ারী নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা পরিষদের বৈঠক ছাড়া কোন মন্তব্য করতে রাজি হননি শোয়েব আহমেদ।