২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, ৩০ জনের মৃত্যু

সারা দেশে কয়েকদিন ধরে চলমান মৃদু শৈতপ্রবাহের কারণে উত্তরাঞ্চলে অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2007, 08:05 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত তথ্য কর্মকর্তা সুজিত কুমার দেবশর্মা বুধবার বিকেলে নফহবংি২৪.পড়স কে জানান, “বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্য প্রবাহ আগামী ২৪ ঘন্টা পর্যন্ত  অব্যহত থাকবে। তিন থেকে চারদিন পর আরও একটি শৈত্যপ্রবাহ আসবে এবং এর মাত্রা হবে এখনকার চেয়ে বেশি।”

দিনাজপুর প্রতিনিধি জানান, হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় জেলার অভাবি লোকজন চরম দুর্ভোগে পড়েছে। শীতজনিত রোগে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিন দিনে ১০ জন মারা গেছে। এরা হলো- গোপাল (২৪), দ্বীজেন্দ্র (৪৫), ইতি বর্মন (৬৫), বেবি (নবজাতক), নজরুল (৬০), বেবী (নবজাতক), বজলুর (৬০), বাবু (নবজাতক), আ. মান্নান (৫৬) ও মুচিতা (৫৫)।

পঞ্চগড় প্রতিনিধি জানান, জেলায় শীত ও শীতজনিত রোগে দু’দিনে শিশুসহ ৮ জনের মৃত্যু হয়েছে। এরা হলো- তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বাবুরামজোত গ্রামের মকবুল হোসেন (৬০), তীরনইহাট ইউনিয়নের দৌলতপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৫৫), ফকিরপাড়া গ্রামের রিয়াজুল ইসলাম (৪৫), পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দালালপাড়া গ্রামের বুধারু মোহাম্মদ (৬২), ঢাঙ্গীরহাট এলাকার ফজলুল হক (৫০), সর্দারপাড়া গ্রামের কোফো (৭২), পঞ্চগড় শহরের মসজিদপাড়া গ্রামের রেজাউল করিমের নবজাতক ও  ইসলাবাগের আসিরউদ্দিন কাকু (৭৫)। তবে জেলা প্রশাসন মৃত্যুর কথা স্বীকার করেনি।

গত ৩ দিন ধরে প্রচণ্ড শীতে পঞ্চগড়ের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। কনকনে ঠাণ্ডা বাতাস ও ঘন কুয়াশায় লোকজন প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের হয়নি। দিনের বেলা অনেক যানবাহন হেড লাইট জ্বালিয়ে চলাচল করে।

তেঁতুলিয়ার উপজেলার ভজনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক ও বোদা উপজেলার বেংহারী ইউনিয়নের চেয়ারম্যান মো. লুৎফর রহমান শীত ও শীতজনিত রোগে মানুষ মারা যাচ্ছে বলে জানান। তারা আরও জানান, সরকারিভাবে মাত্র ৬৩টি কম্বল পাওয়া গেছে।

জেলা প্রশাসক মো. হাফিজউদ্দিন তীব্র শীতের কথা স্বীকার করলেও কারো মৃত্যুর খবর অস্বীকার করেছেন। তিনি জানান, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে দুই হাজার কম্বল পাওয়া গেছে।

আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সিদ্দিকুর রহমান নিউমোনিয়া ও শীতজনিত রোগ ছড়িয়ে পড়ার কথা স্বীকার করেছেন।

গাইবান্ধা প্রতিনিধি জানান, বুধবার জেলার সর্বত্র ছিল কুয়াশায় ঢাকা। যানবাহন চলেছে হেড লাইট জ্বালিয়ে। চরাঞ্চল ও শহররক্ষা বাঁধে আশ্রয় নেয়া গরিব লোকজন গরম কাপড়ের অভাবে মানবেতর দিন কাটাচ্ছে।

তীব্র শীতের কারণে বুধবার সুন্দরগঞ্জ উপজেলার চরকাপাসিয়া গ্রামের ময়নুল হক (৭২) ও আজমা বেওয়া (৬৫) এবং বেলকা গ্রামের আমিনুলের (৭) মৃত্যু হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি জানান, হাড় কাঁপানো শীতের কারণে জেলার চরাঞ্চল ও বাঁধে বসবাসকারী প্রায় সাত লাখ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। শীতজনিত রোগে একসপ্তায় মারা গেছে চারজন।

এরা হলো- রাজীবপুর উপজেলার তাঁতীপাড়ার আব্দুল জলিল (৭০), রাজারহাটের জোত সরেয়া গ্রামের বেবি (নবজাতক), উলিপুর উপজেলার সাহেবের আলগা গ্রামের আব্দুস সবুর খাঁ (৫৫) ও কাতলামারী গ্রামের হাসান আলী (৬০)।

জেলা প্রশাসক এ আর মোল্লাহ গাইবান্ধায় তীব্র শীতের কথা স্বীকার করেছেন। তবে মৃত্যুর খবর জানা নেই বলে তিনি দাবি করেন।

জেলা কৃষি সম্প্রসারণ দপ্তর সূত্রে জানা গেছে কুয়াশা ও প্রচণ্ড শীতের কারণে আলু ক্ষেতে পাতা পচন রোগ ছড়িয়ে পড়েছে। এছাড়া বোরো বীজতলায় শুরু হয়েছে “কোল্ড ইনজুরি”।

রংপুর আবহাওয়া অফিস জানায়, বুধবার সেখানে তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। তবে কুড়িগ্রামে আবহাওয়া অফিস না থাকায় সেখানকার তথ্য পাওয়া যায়নি।

নীলফামারী প্রতিনিধি জানান, তিন দিন ধরে তীব্র শীতের কারণে জেলায় দুজনের মৃত্যু হয়েছে। ছড়িয়ে পড়েছে কোল্ড ডায়রিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগ।

ঘন কুঁয়াশার কারণে তিন দিনে সূর্যের মুখ দেখা যায়নি। মঙ্গলবার রাতে ডোমার উপজেলার দক্ষিণ বোড়াগাড়ির মাহিগঞ্জ গ্রামের সোবহান (৭৬) ও বুধবার সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের ব্যাংমারী খেতুপাড়ায় জাহেদা খাতুন (৮০) কোল্ডস্ট্রোকে মারা গেছে।

ব্যাপক কুয়াশার কারণে আলু-গমসহ রবিশস্যের মারাত্মক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

শীতের তীব্রতার সঙ্গে বেড়ে গেছে পুরনো কাপড়ের দাম। ফলে গরিব লোকজনের এসব কাপড়ও জুটছে না। চরাঞ্চলের মানুষ খরকুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।

জেলা প্রশাসক খন্দকার মোখলেসুর রহমান গত তিন দিনে ৬ হাজার শীতবস্ত্র বিতরণ করেছেন বলে দাবি করেন। তবে প্রয়োজনের তুলনায় এটি অপ্রতুল বলে তিনি স্বীকার করেছেন।

এদিকে রংপুরে কোল্ড স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরা হলো- পীরগাছার কান্দি ইউনিয়নের মণিরামপুর গ্রামের বাসর উদ্দিন (৬২) ও আজিমউদ্দিন (৮০) এবং গঙ্গাচড়া উপজেলার চর মটুকপুরের ঝন্টু মিয়া (৫৫)।