২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

খুলনা, কুমিল্লা, টাঙ্গাইল ও শেরপুরে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। শেরপুরে নিহত হয়েছেন জাতীয় সংসদের সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরীর বড় ছেলে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2007, 08:23 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

পুলিশের বরাত দিয়ে শেরপুর প্রতিনিধি জানান, নারায়ণখোলার গ্রামের বাড়িতে ঈদ উদযাপন শেষে জাহেদ আলী চৌধুরীর পরিবারের সদস্যরা মঙ্গলবার জিপে করে উপজেলা সদরের বাড়িতে ফিরছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে জিপটি কুর্শাবাদাগৈর মোড়ে পৌঁছালে তুরাগ পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে সাবেক হুইপের দুই ছেলে ও ছোট ভাইয়ের স্ত্রী গুরুতর আহত হন।

তাদের ঢাকা নিয়ে আসার পথে দুপুর ২টার দিকে বড় ছেলে ফুয়াদ চৌধুরী ওরফে বড় বাবু (২৫) মারা যান। অন্য দুজনের অবস্থাও আশংকাজনক।

টাঙ্গাইল প্রতিনিধি জানান, দুপুরের দিকে ঢাকা থেকে কেন্দুয়াগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই ঘাটাইল উপজেলার মজমপুর গ্রামের আব্দুল হালিম মজনু (৫৪) ও মিল্টন নিহত হন।

কুমিল্লা প্রতিনিধি জানান, ভোরের দিকে চট্টগ্রামগামী একটি পিকআপ ভ্যান ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই আরোহী মিরু খানের মৃত্যু হয়।

খুলনা প্রতিনিধি জানান, দুপুরের দিকে খুলনাগামী একটি মোটর সাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটর সাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান আবু বক্কর। আহত হন আরও তিনজন।