আনন্দঘন পরিবেশে সারাদেশে ঈদ উদযাপন
বিপুল উৎসাহ উদ্দীপনা ও যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সোমবার সারাদেশে পবিত্র ঈদ-উল-আযহা পালিত হচ্ছে।
বায়তুল মোকাররমের খতিব মাওলানা ওবায়দুল হকের ইমামতিতে ঢাকায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন।
এ ছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ, কাকরাইল জামে মসজিদসহ নগরীর প্রায় ৩৬০টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
জামাতে বাংলাদেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা, শান্তি সমৃদ্ধি ও বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানসহ সব জাতির সুখ-শান্তি ও স্বস্তি আর আখেরাতের মুক্তি কামনা করে মোনাজাত করা হয়।
ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় বায়তুল মোকাররম মসজিদে সকাল সাড়ে ৭টায় এবং সোয়া ১১টায় শেষ জামাত অনুষ্ঠিত হয়। এখানে মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়।
এ ছাড়া চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল ও সিলেটেও ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। দেশের সবচেয়ে বড় ঈদ জামাতটি হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়ায়। জামাতে দেশের বিভিন্ন স্থানের কয়েক লাখ লোক অংশ নেন।
ঈদের নামাজের পর উঁচু নীচু, ধনী-দরিদ্র, সকল ভেদাভেদ ভুলে মুসলমানরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর পশু কোরবানির মাধ্যমে শুরু হয় ঈদের মূল আয়োজন।
ঈদের বিশেষ আয়োজনের অংশ হিসেবে প্রতি ঘরে তৈরি করা হয় রকমারি খাবার, বাহারি পোশাক পরিধান আর আত্মীয়-পরিজন, পাড়া-পড়শীর সঙ্গে দেখা-সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় প্রভৃতির মধ্য দিয়ে উৎসব আরো প্রাণবন্ত হয়ে ওঠে।
অনেকেই পরলোকগত পিতা-মাতা, আত্মীয়-পরিজনের কবরে গিয়ে তাদের আত্মার পারলৌকিক শান্তি কামনা করেন।
ঈদের সকালে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আলাদা আলাদাভাবে কূটনীতিবিদসহ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদ উপলক্ষে বঙ্গভবন, প্রধান উপদেষ্টার কার্যালয়, নগরভবনসহ বিশেষ বিশেষ ভবনকে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন হাসপাতাল, এতিমখানা, কারাগার, দুস্থ কল্যাণ কেন্দ্র ও সরকারি শিশু সদনে উন্নত খাবার পরিবেশন করা হচ্ছে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে শিশু পার্কে প্রবেশ, বিনোদন, সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে।
