খালেদা জিয়ার ঈদের শুভেচ্ছা বিনিময়
খালেদা জিয়া ঈদের দিন সকালে জাতীয় সংসদ ভবন প্লাজায় কুটনীতিবদসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
অনুষ্ঠানে দলের মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া, সাদেক হোসেন খোকাসহ দলের সিনিয়র কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত গত পাঁচ বছর প্রধানমন্ত্রী হিসেবে তিনি শেরে বাংলা নগর প্রধানমন্ত্রী ভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন। কিন্তু নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ও বনানীর হাওয়া ভবনে কোনো বড় জায়গা না থাকায় এবার সংসদ ভবনের প্লাজা ভাড়া করে এই অনুষ্ঠানের ব্যবস্থা নিয়েছে বিএনপি।
সকাল ১০টায় খালেদা জিয়া কুটনীতিবিদদের ঈদ শুভেচ্ছা জানান। এসময় যুক্তরাষ্ট্রের প্যাট্রিসিয়া বিউটেনিস, যুক্তরাজ্যের আনোয়ার চৌধুরীসহ সৌদি আরব, পাকিস্তানসহ বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রদূতরা খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন। এছাড়াও অনুষ্ঠানে চার দলের শীর্ষ নেতারা খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানাতে আসেন।
এরপর সকাল সাড়ে ১০টায় তিনি বিভিন্ন পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিক, বুদ্ধিজীবী, অধ্যাপক, আইনজীবী, দলীয় নেতৃবৃন্দ, সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে সর্বস্তরের দলীয় নেতা-কর্মীরা তাদের নেত্রীকে ঈদের শুভেচ্ছা জানাতে আসেন। সকাল ১০টা থেকে শুরু করে ১১টা ৪৫ মিনিটি পর্যন্ত আড়াই ঘন্টায় পুরো সংসদ ভবন এলাকা দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে এক বিশাল মিলন উৎসবে পরিণত হয়েছিল। ঈদের অনুষ্ঠানে তারা একে অপরের সঙ্গে ভাববিনিময় করেন।
দুপুর ১২টায় খালেদা জিয়া শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ ও ফাতেহা পাঠ করেন। এ সময়ে তার সঙ্গে দলের মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া, যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা, দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমানসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
