লালমনিরহাটে খাদ্য উপমন্ত্রীর সাথে দেখা করতে এসে পুলিশের লাঠিপেটা
লালমনিরহাট সার্কিট হাউজে শুক্রবার রাতে স্থানীয় সাংসদ এবং খাদ্য ও দূর্যোগ ব্যবস্থাপনা উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সাথে দেখা করতে এসে স্থানীয় বিভিন্ন বিত্তহীন সমিতির সদস্যরা লাঞ্চিত ও পুলিশের লাঠি পেটার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ খাদ্য উপমন্ত্রীর নির্দেশে সার্কিট হাউজ থেকে সমিতির সদস্যদের বের করে দেওয়ার কথা স্বীকার করলেও তাদেরকে লাঠিপেটা করার অভিযোগ অস্বীকার করেছে।
সূত্র জানায়, খাদ্য ও দূর্যোগ ব্যবস্থাপনা উপমন্ত্রীর নির্বাচনী কাজে ইতিবাচক ভূমিকা রাখার জন্য লালমনিরহাটে রবিদাস সমিতি, দারিদ্র বিমোচন বিত্তহীন মহিলা সমিতি, কাঠ ব্যবসায়ী সমিতি, নরসুন্দর সমিতি ও হকার সমিতিসহ প্রায় ৪০টি সমিতি গঠন করা হয়। এই সমিতিগুলোর তালিকাভূক্ত শত শত সদস্যের নামে অনুদান বরাদ্দ করা হলেও অধিকাংশ সদস্য কেন তা পাচ্ছে না তার কারণ জানতে শুক্রবার রাতে সমিতির কয়েক শত সদস্য খাদ্য ও দূর্যোগ ব্যবস্থাপনা উপমন্ত্রীর সাথে দেখা করার জন্য সার্কিট হাউজে যান। এসময় সমিতিগুলোর ৫ শতাধিক মহিলা ও পুরুষ সদস্য উপস্থিত ছিলেন।
এ পরিস্থিতিতে পুলিশ উপস্থিত সদস্যদের জানায়, উপমন্ত্রী রাতে আর কাউকে সাক্ষাত দিবেন না। কিন্তু সমিতির সদস্যরা পুলিশকে জানায়, পরিস্থিতি যাই হোক না কেন তারা উপমন্ত্রীর সাথে সাক্ষাত করবেনই।
সমিতির সদস্যদের এ ঘোষণার পর কর্তব্যরত পুলিশ সদস্যরা ১০ মিনিটের মধ্যে সার্কিট হাউজ খালি করার জন্য উপমন্ত্রী তাদের নির্দেশ দিয়েছেন বলে জানান। কিন্তু তারা সার্কিট হাউজ ত্যাগ করতে অস্বীকৃতি জানালে পুলিশ সমিতির সদস্যদের লাঠিপেটা করে গেটের বাইরে বের দেয়। তখন উপস্থিত কিছু মহিলা সদস্য সার্কিট হাউজের হলরুমে অবস্থান নেয়। তাদেরও চলে যেতে বললে তারা রাজী না হওয়ায় পুলিশ হলরুমের লাইট নিভিয়ে দেয়। এ সময় হলের ভিতরে উপস্থিত সমিতির সদস্যরা ভয়ে দৌড়াদৌড়ি ও চিৎকার শুরু করেন।
পুলিশ অবস্থা বেগতিক দেখে হল রুমের লাইট জ্বালালে অপমানিত মহিলা সদস্যরা হলরুম থেকে বেরিয়ে নিজ নিজ বাড়ি ফিরে যান।
এ ব্যাপারে দারিদ্র বিমোচন বিত্তহীন মহিলা সমিতির সভানেত্রী শেলী বেগম সাংবাদিকদের বলেন, আমরা খাদ্য ও দূর্যোগ ব্যবস্থাপনা উপমন্ত্রীর অনুপ্রেরণায় বিভিন্ন সমিতিভূক্ত হয়ে তার জন্য মিছিল-মিটিং ও জনসভায় যোগ দিয়েছি। আর আমাদের নামে বরাদ্দ অনুদান আমরা পেলাম না।
হকার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক তৌফিজুল হক সার্কিট হাউজের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উদ্ভূত পরিস্থিতিতে শনিবার রাতে সমিতির কার্যালয়ে একটি জরুরী সভা আহ্বান করা হয়েছে।
