২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ছেলের হাতে মা খুন, গ্রামপুলিশকে জবাই

বগুড়ার আদমদীঘি উপজেলায় এক গ্রামপুলিশকে জবাই করে হত্যা করা হয়েছে। এছাড়া সারিয়াকান্দিতে ভাত দিতে দেরি হওয়ায় ছেলে মার মাথায় পিঁড়ি দিয়ে আঘাত করে। এতে তিনি মারা যান।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2006, 08:48 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

পুলিশ ছেলে লয়া মিয়াকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতের ওই দু’টি হত্যাকাণ্ডের পর শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

নওগাঁ সদরের ডাকাহার গ্রামের মৃত মেহের আলী মন্ডলের ছেলে ঘাট তিলকপুর ইউনিয়নের গ্রামপুলিশ বাদশা মণ্ডল (৪২) শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হবার পর নিখোঁজ হন। শনিবার সকালে পাশের আদমদীঘি উপজেলার সান্তাহার - আক্কেলপুর সড়কের ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ইউসুফপুর এলাকার একটি ইটভাটার পাশে তার জবাই করা ও মাথা থেতলানো লাশ পাওয়া যায়।

এলাকাবাসী ও পুলিশ ধারণা করছে, খুনীরা তাকে জবাই করার পর হত্যাকান্ডকে দুর্ঘটনা হিসেবে চালানোর জন্য লাশের মাথার ওপর দিয়ে ভারী কোন যান চালিয়ে নিয়ে যায়।

সারিয়াকান্দি উপজেলার চর চন্দনবাইশা গ্রামের মৃত আবদুল মজিদের বড় ছেলে লয়া মিয়া শুক্রবার রাত ১০ টার দিকে মা খুকি বেওয়ার (৭০) কাছে ভাত চায়। ভাত দিতে একটু দেরি হওয়ায় লয়া মিয়া ক্ষুব্ধ হয় এবং  পিঁড়ি দিয়ে মায়ের মাথায় আঘাত করে। এতে বৃদ্ধা খুকি বেওয়া মারা যান। মেয়ে মোরশেদা বাদি হয়ে সারিয়াকান্দি থানায় মামলা দায়ের করলে পুলিশ ঘাতক লয়া মিয়াকে গ্রেফতার করে।