২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন স্থানে মহাঅষ্টমী পালিত

শারদীয় দূর্গা পূজার তৃতীয় দিনে শনিবার বিভিন্ন স্থানে মহাঅষ্টমী পালিত হয়েছে। নিরাপত্তা রক্ষার্থে প্রতিটি পূজা মণ্ডপে প্রয়োজনীয় সংখ্যক র‌্যাব, পুলিশ ও আনসার মোতায়েন করা হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2006, 07:57 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, আইন প্রয়োগকারী সংস্থার কড়া নজরদারীর মধ্য দিয়ে নারায়ণগঞ্জে মহাঅষ্টমী পালিত হয়। জেলার প্রতিটি মন্দিরে ভক্তদের প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে।

নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্টিত হয়। সকাল থেকে বিভিন্ন উপজেলা থেকে পুর্ণ্যার্থীরা মিশনে এসে ভিড় জমান ও পূজায় অংশ নেন।

পাবনা প্রতিনিধি জানান, শহরের জয়কালী বাড়ী, শিব-দুর্গা মন্দিরসহ ২৫৯টি মন্দিরে এ বছর শারদীয় দুর্গা পূজা পালিত হচ্ছে। মন্দিরে ভিড় জমানো ভক্তদের অধিকাংশই নারী।

দুর্গোৎসব উপলক্ষ্যে পুলিশের তরফ থেকে মন্দিরসহ শহরের বিভিন্ন জায়গায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেরপুর প্রতিনিধি জানান, জেলার নকলা উপজেলার টালকি গ্রামে তিন বছর ধরে একই দুর্গা প্রতিমা দিয়ে পূজা--অর্চনা করায় স্থানীয় হিন্দুদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

জানা যায়, প্রভাবশালী এক স্থানীয় মতি রবিদাসের পুত্র সুখেন রবিদাস দুর্গোৎসব শেষে বিসর্জন না দিয়ে টানা তিন বছর ধরে একই দুর্গা প্রতিমা দিয়ে পূজা--অর্চনার আয়োজন করে আসছেন। এ বিষয়ে তিনি জানান, ‘মা দূর্গা স্বপ্নে আদেশ দিয়েছেন তাকে যদি বির্সজন দেওয়া হয় তবে আমার অপূরণীয় ক্ষতি হবে।’

এদিকে পুরনো দুর্গা প্রতিমা দিয়ে পুজা-অচর্না করলেও সরকারের আর্থিক সহায়তা তিনি ঠিকই পাচ্ছেন বলে জানা গেছে।

এ ঘটনা জানার পর জাতীয় সংসদের হুইপ জাহেদ আলী চৌধুরী সুখেন রবিদাসকে প্রতিমা বির্সজন দেওয়ার অনুরোধ জানালে তিনি তাতে অস্বীকৃতি জানান।    

এ বিষয়ে জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট নারায়ণ চন্দ্র জানান, সুখেন রবিদাস প্রতিমা দিয়ে মণ্ডপে শারদীয় পূজা করতে পারবেন না। তবে ঘট বসিয়ে ঘরে পূজার আসন রাখতে বাধা নেই।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওই মণ্ডপে কোনরকম অঘটন ছাড়াই মহাঅষ্টমী সম্পন্ন হয়েছে।