উত্তরায় বিক্ষুব্ধ গার্মেন্টস শ্রমিকদের দোকানপাট ও যানবাহন ভাংচুর
কয়েক হাজার গার্মেন্টস শ্রমিক শনিবার সকালে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উত্তরা এলাকায় অবস্থান নেয়। তারা বেশ কিছু সংখ্যক দোকান ভাংচুর করে। এছাড়া দুটি গার্মেন্টস কারখানা এবং কয়েকটি গাড়িও ভাংচুর করা হয়।
শ্রমিকরা ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়ায় উত্তরা এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাউজ বিল্ডিং এলাকা পর্যন্ত রাস্তায় দীর্ঘ চার ঘণ্টা ধরে যানবাহন আটকা পড়ে থাকে। পরে উত্তরা থানা পুলিশ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর মোড় এবং টঙ্গি ব্রিজের কাছে ব্যারিকেড সৃষ্টি করে। ঘটনাস্থলে দাঙ্গা পুলিশও মোতায়েন করা হয়। এ সময় চার ঘণ্টা ধরে পুলিশ ও বিক্ষুব্ধ শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এক পর্যায়ে উত্তরা আবাসিক এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকরা ঢুকে পড়ে এবং এতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, লন্ডন প্লাজায় অবস্থিত দুটি কারখানায় বিক্ষুব্ধ শ্রমিকদের পেটাতে বাইরে থেকে ভাড়াটে গুণ্ডা আনা হয়।
শ্রমিকরা ভাড়াটে সন্ত্রাসীদের মধ্যে বেশ কয়েকজনের পরিচয় জানাতে পেরেছে। তারা হলো লিটন, আলমগীর, মেহেদী, রানা, জুয়েল, করিম, বেলায়েত এবং তালেব। এরা আন্দোলনরত আট শ্রমিককে প্রচন্ড পিটুনি দেয়। পরে আশঙ্কাজন অবস্থায় ওই আট শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষতদর্শীরা জানান, সিনটেক্স নিটওয়্যার এবং লাক্সমা ফ্যাশনস লিমিটেডের শ্রমিকরা আসরের নামাজের আদায়ের জন্য রমজান মাসে কর্মদিবস সাড়ে চারটা পর্যন্ত করার দাবি জানায়। কিন্তু কারখানা দুটির প্রোডাকশন ম্যানেজাররা তাদের দাবি প্রত্যাখ্যান করেন এবং বিকেল ৫ টা পর্যন্ত কাজ করতে বলেন। এদিকে শ্রমিকরা প্রত্যেককে উপযুক্ত মজুরি প্রদানের দাবি জানায়। তাদের অভিযোগ মালিকপক্ষ তাদের নির্ধারিত মজুরির চেয়ে কম প্রদান করে আসছেন।
শ্রমিকদের সাথে এ ব্যাপারে আলোচনা এড়াতে লাক্সমা ফ্যাশনসের প্রোডাকশন ম্যানেজার ১৩ শ্রমিককে ছাটাইও করেন। পরে সিনটেক্স গার্মেন্টসের আরও চার শ্রমিককে ছাটাই করা হলে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা ঐক্যবদ্ধ হয়ে ওঠে।
সিনটেক্স কারখানার নিটিং অপারেটর সৈয়দ আল আমিন বলেন, ‘আমরা আমাদের ন্যায্য পাওনা চেয়েছি। এটা তো অপরাধ নয়। কিন্তু কারখানা কর্তৃপক্ষ আমাদের বিরুদ্ধে সহিংসতা সৃষ্টির অভিযোগ এনেছে।
শ্রমিক ও ভাড়াটে গুণ্ডাদের মধ্যে সংঘর্ষে আহত হন কমপক্ষে ১৫ জন এবং অন্যান্য ঘটনায় আরও ১২ জন শ্রমিক মারাত্মকভাবে আহত হয়েছে। তারা পুলিশের গুলি, টিয়ার গ্যাস ও লাঠি চার্জে আহত হয়।
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন বিডিনিউজ২৪.ডটকমকে বলেন, ‘শ্রমিকরা শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছিল। কিন্তু ভাড়াটে গুণ্ডাদের হামলা আমাদের আন্দোলনে যেতে বাধ্য করেছে।’
এদিকে লাক্সমা ফ্যাশনসের ব্যবস্থাপক মর্তুজা আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘অফিসের সময় নিয়ে আপত্তির ফলেই সহিংসতার সৃষ্টি হয়েছে। আমরা শ্রমিকদের ৪ টা ৫০ পর্যন্ত কাজ করতে বলেছি। তারা আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।’
শ্রমিকদের বরখাস্ত এবং গুণ্ডা ভাড়া করার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘১৩ শ্রমিককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে তাদের পেটানোর জন্য কোনও বহিরাগতকে ভাড়া করে আনা হয়নি।’
এদিকে উত্তরায় রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় অবস্থান নেয়। পরে সেখানে দাঙ্গা পুলিশ পৌঁছে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
উত্তরা থানার কর্তব্যরত কর্মকর্তা জানান, ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেল ৩ টা ৫৩ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত রাস্তায় পুলিশ মোতায়েন ছিল।
