জয়পুরহাটে অপহৃত এরশাদ উদ্ধার, গ্রেফতার ৪
পাঁচবিবি উপজেলার বিন্নিপাড়া গ্রাম থেকে শনিবার সকালে অপহৃত এরশাদকে পুলিশ উদ্ধার করেছে। সেই সঙ্গে চার অপহরণকারীকেও গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে কালাই উপজেলার আওঁড়া গ্রামের ইদু ফকিরের ছেলে এরশাদকে (২০) অপহরণ করে অপহরণকারীরা পাঁচবিবির বিন্নিপাড়া গ্রামে নিয়ে যায়। এরপর ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। শনিবার পুলিশ গোপনে খবর পেয়ে গ্রামবাসীর সহায়তায় এরশাদকে উদ্ধার করে। এ সময় চার অপহরণকারীকেও গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো পাঁচবিবি উপজেলার বিন্নিপাড়া গ্রামের বাহাদুরের ছেলে সোবহান, মৃত মফির উদ্দিনের ছেলে বকুল ও তার স্ত্রী নুরুন্নেছা এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাকশা গ্রামের বদিউজ্জামানের ছেলে ইসমাইল।
