নিজ জেলা নেত্রকোনায় ১ ঘন্টা অবরুদ্ধ বাবর
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিজ জেলা নেত্রকোনায় দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে বিক্ষুদ্ধ দলীয় নেতাকর্মীরা প্রায় এক ঘন্টা অবরুদ্ধ করে রেখেছিলেন।
শুক্রবার পূজা মন্ডপ পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী স্থানীয় মোক্তারপাড়া এলাকায় পৌঁছালে এই অনাকাঙ্খিত ঘটনা ঘটে।
শেষে স্থানীয় সাংবাদিক, র্যাব ও আইন - শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্যদের সহায়তায় পূর্ব ঘোষিত কর্মসূচি অসমাপ্ত রেখেই তাড়াহুড়া করে হেলিকপ্টার যোগে নেত্রকোনা ত্যাগ করেন।
প্রতিমন্ত্রী বাবর তার নির্বাচনী এলাকা মদন - মোহনগঞ্জ খালিয়াজুরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে বেলা ১২টার দিকে প্রাইভেট হেলিকপ্টারে করে নেত্রকোনায় আসেন। পরে হিন্দু ধর্মীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময়ের পর পৌর এলাকার প্রায় ১২টি পূজামন্ডপ তিনি পরিদর্শন করেন।
এরপর বেলা আড়াইটায় স্থানীয় মোক্তারপাড়া মাঠে পেঁৗঁছামাত্রই বিএনপির বিক্ষুদ্ধ দলীয় নেতাকর্মীরা চারদিক থেকে তাকে ঘিরে ধরেন। এসময় মন্ত্রী বারবার হেলিকপ্টারে উঠার চেষ্টা করলে নেতাকর্মীরা আরও বিক্ষুদ্ধ হয়ে উঠে।
বিক্ষুদ্ধ নেতাকর্মীরা পৌর বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক এবং কো-আহবায়কের বিরুদ্ধে পছন্দসই কাউন্সিলর নির্বাচনের অভিযোগ করেন।
তারা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির এবং অবিলম্বে পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠানের দাবী জানান।
এদিকে আহ্বায়কের সমর্থকরা এর প্রতিবাদ জানালে বাবরের সামনেই দু গ্র“পের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়, ধাওয়া - পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুল হক অভিযোগ করেন, তিনি নেত্রকোনার সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিষয়ে মন্ত্রীকে অবহিত করতে গেলেও জেলা বিএনপির সিনিয়র সহ - সভাপতি আব্দুল মান্নান তালুকদারের কারণে তা বলা সম্ভব হয়নি।
এ সময় মন্ত্রীর সামনে উভয়ে তর্কযুদ্ধে লিপ্ত হন। মন্ত্রী পরে সবাইকে শান্ত হবার আহ্বান জানিয়ে এক সপ্তাহের মধ্যে সম্মেলন অনুষ্ঠান এবং কাউন্সিলার নির্ধারণে অনিয়মকারীদের বিরুদ্ধে দলীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে দলীয় কর্মীরা অবরোধ তুলে নেন। এরপর মন্ত্রী হেলিকপ্টার যোগে নেত্রকোনা ত্যাগ করেন।
মন্ত্রী অবরোধের ঘটনাটি আজ নেত্রকোনার টক অব দ্য টাউনে পরিণত হয়।
