২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের দাবিতে নারায়ণগঞ্জে ফের ভাঙচুর, সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় শুক্রবার সকালে বিদ্যুতের দাবিতে বিক্ষুব্ধ জনতা আবারও ভাংচুর চালিয়েছে। এসময় বিক্ষুব্ধ লোকজন ঢাকা -- নারায়ণগঞ্জ ও ঢাকা -- মুন্সীগঞ্জ সড়কে অবরোধ সৃষ্টি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জে প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2006, 04:16 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

ফলে এই দুটি সড়কে প্রায় একঘন্টা যান চলাচল বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফতুল্লার আলীগঞ্জে বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় পাঁচ কিলোমিটার পথ জুড়ে মিছিল করে। পরে তারা পঞ্চবটি বিদ্যুত অফিসে হামলা ও ভাঙচুর চালায়। এ সময়ে তারা এক ঘন্টার জন্য অবরোধ সৃষ্টি করে ঢাকা -- নারায়ণগঞ্জ ও ঢাকা - মুন্সীগঞ্জ সড়কে।

বেশ কিছুক্ষণ পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী জানান, আলীগঞ্জ এলাকায় বেশ কিছুদিন ধরে ট্রান্সফরমার নষ্ট থাকায় বিদ্যুত সঙ্কট চরমে ওঠে। এলাকার লোকজন আজ সকালে ৪/৫টি ট্রাকে করে ফতুল্লার ডেসা অফিসে এসে জানিয়ে যায়, সন্ধ্যার মধ্যে ট্রান্সফরমারটি ঠিক করা না হলে তারাবীহর নামাজের পর তারা অফিসে হামলা চালাবে।

অন্যদিকে ফতুল্লার কালীবাজার ও গেদারবাজার এলাকায় গত ১৫ দিন ধরে ট্রান্সফরমার বিকল থাকায় এলাকাবাসী বিদ্যুত বিচ্ছিন্ন রয়েছে। এর প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে এসে ঢাকা -- মুন্সীগঞ্জ সড়কে টায়ার ও বাঁশ জ্বালিয়ে অবরোধ করে। এসময় কয়েকশ যানবাহন সড়কটির দুই পাশে আটকা পড়ে।

এ ছাড়া নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুরের ভোলাইল এলাকায় শতাধিক লোক মিছিল করে ফতুল্লার ডেসার সাবস্টেশন ঘেরাও করতে এলে পুলিশ তাদের বুঝিয়ে ফেরত পাঠায়।

অন্যদিকে নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়ার একটি ট্রান্সফরমার ১০/১২দিন ধরে নষ্ট থাকায় বিক্ষুব্ধ লোকজন রাস্তায় বেরিয়ে এসে ক্ষোভ প্রকাশ করেন।