২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় দুটি মামলার রায়, এক জনের ফাঁসি ও ৯ জনের যাবজ্জীবন

খুলনায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল ডাকাতি ও হত্যার মামলায় এক ব্যক্তিকে মৃত্যদন্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2006, 09:05 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

এছাড়া আরেকটি হত্যা মামলায় জেলা দায়রা জজ আদালত চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে।

ডাকাতি ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী হচ্ছেন বাহাদুর বেপারী। এছাড়া  শাহাবুদ্দিন ওরফে শাওন, হায়দার আলী, বেল্লাল ফরাজী, রিয়াজ এবং লাভলী ওরফে লুৎফুন্নেছাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ১ বছর কারাদণ্ড প্রদান করা হয়।

মামলার বিবরণে বলা হয়, ২০০৫ সালের ৭ মার্চ গভীর রাতে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ছোগলবুনিয়া গ্রামে একদল সশস্ত্র ডাকাত পল্লী চিকিৎসক  আব্দুল জব্বারের বাড়িতে প্রবেশ করে। ডাকাতি করে যাওয়ার সময় গৃহকর্তা ডাকাত সর্দার বাহাদুর বেপারীকে চিনে ফেললে ডাকাতরা তাকে গুলি করে হত্যা করে।

এ ঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে দ্রুত বিচার  ট্রাইব্যুনালে বাহাদুর বেপারীকে প্রধান আসামী করে মামলা দায়ের করেন। সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুস সামাদ এই রায় প্রদান করেন।

এছাড়া জেলা ও দায়রা জজ একেএম ইশতিয়াক হোসাইন বিদ্যুত মিস্ত্রি শাহীন হত্যা মামলায় রেজাউল, আবদুল জব্বার,  হারুন অর রশীদ ও শফিউল্লাহ ওরফে শফিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০  হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেন। ২০০২ সালের ১৯ সেপ্টেম্বর নগরীর টুটপাড়া এলাকায় শাহীনকে হত্যা করা হয়।