সুশাসন নিশ্চিত করতে তথ্যের অবাধ প্রবাহ অপরিহার্য: গোলটেবিল আলোচনায় অভিমত
দেশে সুশাসন নিশ্চিত করতে হলে তথ্যের অবাধ প্রবাহ অপরিহার্য। ‘বাংলাদেশে সুশাসন: চাই তথ্য জানার অধিকার’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বৃহস্পতিবার বক্তারা এ অভিমত জানান।
বিশ্ব তথ্য অধিকার দিবস ও টিআইবি অনুসন্ধানী সাংবাদিকতা ২০০৬ পুরস্কার প্রদান উপলক্ষে টিআইবি ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) যৌথভাবে ওই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান স্বাগত বক্তব্যে বলেন, দেশে দুর্নীতি রোধ ও সুশাসন প্রতিষ্ঠার জন্য তথ্য অধিকার আইন প্রণয়ন ও তা কার্যকর করা অত্যন্ত গুরুত্বপুর্ণ।
অর্থনীতিবিদ অধ্যাপক আতিউর রহমান বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ়করণসহ একটি স্বচ্ছ জবাবদিহিতামূলক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার জন্য তথ্যের অবাধ প্রবাহ অপরিহার্য।
প্রধান বিরোধী দল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ১৯২৩ সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টসহ বিভিন্ন আইন ও প্রশাসনিক প্রতিবন্ধকতা সাধারণ মানুষের তথ্য জানার অধিকার থেকে বঞ্চিত করছে। তিনি তথ্য অধিকার আইন প্রণয়ন ও তা বাস্তবায়নের জন্য দলমত নির্বিশেষে দেশের রাজনৈতিক দলগুলোকে উদ্যোগী হওয়ার অনুরোধ জানান।
মানুষের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশ ল কমিশন তথ্য অধিকার আইন ২০০২ এর পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত নতুন তথ্য অধিকার আইনের খসড়া পড়ে শোনান ব্যারিস্টার তানজিব উল আলম।
তিনি বলেন, সুপ্রিম কোর্ট জনগণের তথ্য জানার অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন এমজেএফ-এর নির্বাহী পরিচালক শাহীন আনাম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এলিনা খান, অ্যাডভোকেট শাহদীন মালিক, প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, মুহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ।
পরে টিআইবি অনুসন্ধানী সাংবাদিকতা ২০০৬ পুরস্কার প্রদান করা হয়।
