শূভেচ্ছা আর ভালবাসায় শেখ হাসিনার ৬০তম জন্মদিন পালিত
ধানমন্ডির সুধা সদনে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের শুভেচ্ছা গ্রহণের মধ্য দিয়ে বৃহস্পতিবার ৬০তম জন্মদিন পালন করেছেন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা।
এসময় তিনি তাদের পাল্টা শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘দেশবাসীর কল্যাণে আমার রাজনীতি। বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। তার পরিবারের একজন সদস্য হিসেবে আমিও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। দেশের মানুষ একটা উন্নত জীবনের অধিকারী হোক, সুখে শান্তিতে বসবাস করুক এটাই আমার প্রত্যাশা।’
শুভেচ্ছা বিনিময়ের এক পর্যায়ে শেখ হাসিনা উপস্থিত সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে চলমান রাজনৈতিক সংকট নিরসনে সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপের প্রসঙ্গটি তোলেন।
তিনি বলেন, আমরা সংলাপ চেয়েছি। কিন্তু সরকার সংলাপ নিয়ে টালবাহানা করছে।
তিনি আরও বলেন, এই সরকার সংলাপ চায় না, সংস্কারও চায় না। তবে সংলাপ ও সংস্কার হতেই হবে। তারপরেই দেশে নির্বাচন হবে।
