বিদ্যুতের দাবিতে যাত্রাবাড়ি ও শনির আখড়ায় বিক্ষোভ, গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, ১৭ রুটে যান চলাচল বন্ধ
প্রতিনিয়ত বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে রাজধানীবাসী বুধবার রাত থেকে বৃহস্পতিবার দিনভর যাত্রাবাড়ী ও শনির আখড়া এলাকা অবরোধ করে রাখে। এ কারণে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও নোয়াখালীসহ ঢাকার সাথে দেশের ১৭ টি রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকালে উত্তেজিত জনতা কমপক্ষে ২০টি যানবাহন ভাংচুর ও পাঁচটি গাড়ি পুড়িয়ে দেয়। দক্ষিণ যাত্রাবাড়ি ও ধোলাইপাড় এলাকায় দুটি বিদ্যুৎ উপ-কেন্দ্রেও হামলা চালায় তারা।
দীর্ঘ এই বিক্ষোভের মুখে রাজধানীর গোটা পূর্ব-দক্ষিণ অংশে অঘোষিত হরতাল পালিত হয়। বন্ধ হয়ে যায় ব্যবসা-প্রতিষ্ঠান ও স্কুল-কলেজসহ সবকিছু।
এদিকে অবরোধের কারণে হাজার-হাজার যানবাহন বুধবার রাত থেকেই রাস্তায় আটকে পড়ে। ফলে গাড়ির লাইন কাঁচপুর ব্রিজ থেকে কুমিল্লার দাউদকান্দিতে গিয়ে ঠেকে। আটকে পড়া মানুষকে পড়তে হয় অবর্ণনীয় দুর্ভোগের মুখে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, বিক্ষোভকালে উত্তেজিত জনতা বুধবার রাত থেকেই গাড়ি, টায়ার এবং লাকড়িতে আগুন দিয়ে ক্ষোভ প্রকাশ করে।
পুলিশ জানায়, বুধবার রাতে উত্তেজিত লোকজন রাস্তায় নেমে আসে। এ সময় তারা যাত্রাবাড়ি, শ্যামপুর, সূত্রাপুর, সায়েদাবাদ, ধোলাইপাড় ও কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে।
মিছিল করে তারা বিভিন্ন এলাকা প্রদক্ষিনও করে বলে এলাকাবাসী জানান।
বিক্ষোভকারীরা তাদের এই আন্দোলনে নামে ‘পানি-গ্যাস-বিদ্যুৎ সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে। ১০ দফা দাবি আদায়ের জন্য তারা বিভিন্ন ধরনের স্লোগানও দেন।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মাহবুব আলম বিডিনিউজ২৪.কমকে বলেন বিক্ষোভের কারণে ঢাকার সাথে দেশের ১৭ টি রুটে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, তারা বহু যানবাহন ভাংচুর ও বিভিন্ন স্থানে অগ্নি সংযোগও করে।
তিনি বলেন, এত কিছুর পরও পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোন অ্যাকশনে যায়নি।
