নারায়ণগঞ্জে বিদ্যুৎ অফিসে হামলা, ভাঙচুর
বিদ্যুৎ সরবরাহের দাবিতে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা বুধবার মধ্যরাতে নারায়ণগঞ্জের স্থানীয় বিদ্যুৎ অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। এ ঘটনায় সাংবাদিক, পুলিশসহ আহত হয়েছে কমপক্ষে ১০ জন।
শহরের মন্ডলপাড়ায় অবস্থিত ডেসার ৩৩/১১ কেভি সাবস্টেশন দৈনিক ১৭ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হলেও বুধবার সন্ধ্যার পর থেকে সাত মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে। কিন্তু রাত ১১টা থেকে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে গেলে জনগণ উত্তেজিত হয়ে রাত ১২টায় সাবস্টেশনের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে কন্ট্রোল অফিস ভাংচুর করে। এসময় তারা অফিসের পাশে অবস্থিত পৌরসভার গ্যারেজের দরজাও ভেঙ্গে ফেলে। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতার সাথে পুলিশ ও র্যাবের ধাওয়া - পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এহসান চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদেরকে নারায়ণগঞ্জসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
