ময়মনসিংহে সাবেক ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু, স্ত্রী গ্রেপ্তার
ময়মনসিংহ জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক সাইফুদ্দিন নোমানের রহস্যজনক মৃত্যু হয়েছে।
বুধবার ভোরে চরপাড়ায় নিজ বাসার ছাদে গলায় তার পেঁচানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় নোমানের স্ত্রী পুলিশ কনস্টেবল তামান্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, মা নার্সিং হোমের সত্ত্বাধিকারী সাইফুদ্দিন নোমান ময়মনসিংহ - ৭ ফুলবাড়িয়ার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শামছউদ্দিন আহম্মদের ভাগ্নে ও ডা. বদরুদ্দিনের ছেলে। তার স্ত্রী তামান্না পুলিশ বিভাগের কনস্টেবল।
এদিকে নোমানের মৃত্যু আত্মহত্যা না হত্যাকান্ড এ নিয়ে সংশয় দেখা দেয়। নোমানের মায়ের দাবি, তার ছেলেকে হত্যা করা হয়েছে।
তবে স্ত্রী বলেছেন, নোমান আত্মহত্যা করেছে।
লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মর্গে পাঠানো হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হক জানান, এ ঘটনায় স্ত্রী তামান্নাকে গ্রেপ্তার করা হয়েছে। রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
