শেরপুরে আটক ৫ জঙ্গি তিনদিনের রিমান্ডে
শেরপুরে আটক পাঁচ জঙ্গিকে বুধবার তিনদিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে।
শেরপুর আমলী আদালতে জঙ্গিদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন জানালে শুনানি শেষে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম সরকার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেওয়া জঙ্গিরা হলো ঝিনাইদহ জেলার বেপারিপাড়া গ্রামের আব্দুস সামাদ ওরফে লাল্টু (২৩), ময়মনসিংহ কোতোয়ালি থানার বলাশপুর গ্রামের কবির হোসেন ওরফে সাগর (১৮), মাসকান্দা গ্রামের তানভীর আহমেদ রুবেল (১৮), পাবনা জেলার ধোপাখোলা গ্রামের আব্দুর রহিম (২৮) এবং শেরপুর সদর থানার তাতালপুর গ্রামের আব্দুল মোমিন (৪০)।
উল্লেখ্য শেরপুর সদর থানা পুলিশ ১৯ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে শহরের গৃদানারায়ণপুর এলাকার লাল মিয়ার বাড়ী থেকে জঙ্গি তৎপরতার সাথে জড়িত থাকার অভিযোগে এদেরকে গ্রেপ্তার করে। এসময় পুলিশ তাদের কাছ থেকে জঙ্গি তৎপরতার ইঙ্গিত বহনকারী কিছু কাগজপত্র উদ্ধার করে।
পুলিশ তাদেরকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। এখন পর্যন্ত এদের বিরুদ্ধে কোন নিয়মিত মামলা দায়ের করা হয়নি।
