নারায়ণগঞ্জে ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড
নারায়ণগঞ্জে এক বেদেকে অপহরণ ও তার ওপর পাশবিক নির্যাতন চালানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় ১১ জনকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে।
নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এ এফ এ মাহফুজ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন বেদে সর্দার দূর্গা মো. আলী, আব্দুল কাদের, নূর মিয়া, মাসুম, আশরাফ, ফিরোজ, লুলু ড্রাইভার, আবু তালেব, সামসুদ্দিন, সাহেব আলী ও টুটুল।
এ ছাড়া মামলার অপর আসামী আবু তালেব আলীকে বেকসুর খালাস দেওয়া হয়।
মামলার বিবরণে বলা হয়, বেদে নাজমা কাজের সন্ধানে বের হলে বেদে সর্দার দূর্গা মোঃ আলীর নেতৃত্বে কয়েকজন তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে একটি ঘরে তিনমাস আটকে রেখে ওই বেদের ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। এ ব্যাপারে বেদে নাজমার স্বামী শামসুল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
৭ জন সাক্ষীর জবানবন্দির ভিত্তিতে অভিযুক্তদের মধ্য থেকে ১১ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও একজনকে বেকসুর খালাস দেন বিচারক।
রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তরা হইচই শুরু করলে কড়া পুলিশ পাহারায় তাদের জেল হাজতে নিয়ে যাওয়া হয়।
