ঢাকা--নারায়ণগঞ্জ ট্রেন চলাচল ২ দিন ধরে বন্ধ
বৃষ্টির পানিতে রেললাইন তলিয়ে যাওয়ায় দুদিন ধরে ঢাকা--নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রেলওয়ে ও অন্যান্য সূত্র জানায়, রাজধানীর গেন্ডারিয়া এলাকায় রেললাইন বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় শনিবার সকালে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
কমলাপুর থেকে প্রতিদিন নয়টি যাত্রীবাহী ট্রেনে প্রায় ১০ হাজার মানুষ নারায়ণগঞ্জে যাতায়াত করেন।
বৃষ্টির পানি কমলে এবং প্রয়োজনীয় সংস্কার শেষে চলাচলের উপযুক্ত হলে আবারও ট্রেন চলাচল শুরু হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান। তবে ওই রুটে কবে নাগাদ ট্রেন চলাচল শুরু হবে তা তারা জানাতে পারেননি।
উল্লেখ্য, রেললাইন বৃষ্টির পানিতে ডুবে যাওয়ায় গত বছর একটানা ১০ দিন ঢাকা--নারায়ণগঞ্জ ট্রেন চলাচল বন্ধ ছিল।
