২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অব্যাহত বর্ষণে নগরবাসীর দুর্ভোগ আরো বেড়েছে

উত্তর--পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বৃষ্টি অব্যাহত থাকায় রাজধানীবাসীর দুর্ভোগ আরো বেড়ে গেছে। জনজীবনও প্রায় স্থবির হয়ে পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2006, 09:56 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

প্রবল বর্ষণের ফলে রাজধানীর নিুাঞ্চল প্লাবিত হওয়ায় হাজার হাজার মানুষ দুর্ভোগের মুখে পড়েছেন। সবচেয়ে ভয়াবহ সমস্যায় পড়েছেন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এলাকায় বসবাসকারীরা ।

ভারী বর্ষণের ফলে নগরীর বিভিন্ন সড়ক ও অলি--গলি পানির নীচে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক জনজীবন প্রায় স্থবির হয়ে পড়ে। অনেক এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে নগরীর বিভিন্ন স্থানে তীব্র যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, টানা বর্ষণের ফলে বস্তিগুলোর হাজার হাজার বাসিন্দা আশ্রয়হীন হয়ে পড়েছেন। এছাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংলগ্ন অধিকাংশ সড়কই পানির নীচে তলিয়ে গেছে। ফলে লোকজন অবর্ণনীয় দুর্ভোগের মুখে পড়েছেন।

এদিকে দুর্বল পয়ঃনিস্কাশন ব্যাবস্থা এবং বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর অপরিকল্পিত সড়ক খোঁড়াখুড়ি নগরবাসীর দুর্ভোগের মাত্রা আরো বৃদ্ধি করেছে।                

এছাড়া বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও পয়ঃনিস্কাশন ব্যবস্থা ভেঙ্গে পড়ায় ওয়াসার সরবরাহ করা পানিও দূষিত হয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভারী বর্ষণের ফলে শনিবার নগরীর মালিবাগ, শান্তিনগর, খিলগাঁও, শাহজাহানপুর, ফকিরাপুল, মতিঝিল, বাসাবো, বাড্ডা, মানিকনগর, শ্যামপুর, জুরাইন, যাত্রাবাড়ী, ডেমরা, নাজিমউদ্দিন রোড, হাজারীবাগ, কামরাঙ্গীরচর, রায়েরবাজার, মোহাম্মদপুর, কল্যাণপুর, মিরপুর, গাবতলী ও শাহআলীবাগসহ নগরীর বিভিন্ন এলাকা পানির নীচে তলিয়ে যায়।

এছাড়া অধিকাংশ সড়ক পানির নীচে তলিয়ে যাওয়ায় গাড়ি চালকরা ঠিকমতো ঠাহর করতে না পারায় শনিবার নগরীতে একাধিক দুর্ঘটনা ঘটে।

অন্যদিকে ঢাকার অনেক স্কুল--কলেজ শনিবার খোলা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের উপস্থিতির ছিলো একেবারে কম।

অপরদিকে টানা বর্ষণে বস্তির বাসিন্দাসহ নগরীর অনেক মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। তারা বিভিন্ন সড়কের আশেপাশে আশ্রয় নিয়েছেন। এদের জরুরী সাহায্য প্রয়োজন।