২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস-ট্রেন সংঘর্ষে হতাহতদের পরিবারে চেক বিতরণ

জয়পুরহাটে গত ১১ জুলাই ভয়াবহ বাস - ট্রেন দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে ১১ লাখ ৫৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। আক্কেলপুর উপজেলা মিলনায়তনে আজ শনিবার এই চেক বিতরণ করা হয়।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2006, 09:26 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমর চাঁন বণিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন জয়পুরহাট - ২ আসনের সংসদ সদস্য আবু ইউসুফ মো. খলিলুর রহমান।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আক্কেলপুর পৌরসভার চেয়ারম্যান কামরুজ্জামান কমল, সোমুখী ইউপি চেয়ারম্যান রাহেল ইমাম, রায়কালী ইউপি চেয়ারম্যান মর্তুজা তৌফিকুল ইসলাম, রুকিন্দীপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম তরুণ, গোপীনাথপুর ইউপি বিএনপি সভাপতি কায়কোবাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নিহতদের পরিবারকে ২৫ হাজার ও আহতদের পরিবারকে ১০ হাজার টাকার চেক দেওয়া হয়।

উল্লেখ্য গত ১১ জুলাই আক্কেলপুর মহিলা কলেজ সংলগ্ন রেলক্রসিংয়ে স্মরণকালের ভয়াবহ বাস - ট্রেন সংঘর্ষে নিহত হয় ৩৬ জন যাত্রী ও গুরুতর আহত হয় ২৪ জন।