চট্টগ্রামে অর্ধশতাধিক কারাবন্দীর অনশন
চট্টগ্রাম কারাগারে শুক্রবার রাত থেকে অনশন করছেন অর্ধশতাধিক বন্দী। এ তথ্যের সত্যতা স্বীকার করে ডিআইজি প্রিজন (ঢাকা বিভাগ) মেজর সিদ্দিকী বিডিনিউজ২৪ডটকমকে বলেন, প্রায় ৬০ জন বন্দী শুক্রবার রাত থেকে অনশন করছেন।
তিনি জানান, চট্টগ্রাম কারাগারের ৬০ জন ‘কলিং রাইটার’ (কমপক্ষে ৫ বছর কারাদন্ডে দন্ডিত আসামি) বহুদিন যাবত কারাগারের সাধারণ বন্দিদের নির্যাতন করছিলো। অবস্থা খারাপ হওয়ায় কারা কর্তৃপক্ষ ওই ৬০ জন বন্দীকে পৃথক স্থানে রাখে। এই অবস্থা মেনে না নেওয়ায় তারা শুক্রবার সন্ধ্যা থেকে অনশন শুরু করে।
খবর পেয়ে ঢাকা থেকে ঘটনাস্থল পরিদর্শনে গেছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন।
