সাতক্ষীরায় ৫০টি গ্রাম প্লাবিত: পাউবো ঘেরাও কর্মসূচি
সাতক্ষীরায় বাঁধ ভেঙে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হওয়ার ঘটনায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষকে দায়ী করেছে এলাকাবাসী।
ওই ঘটনার প্রতিবাদে রোববার বেলা ১১টায় শ্যামনগর উপজেলায় পাউবোর উপ--বিভাগীয় প্রকৌশলীর কার্যালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হয়েছে। শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নের চেয়ারম্যানের নেতৃত্বে স্থানীয়রা এই ঘেরাও কর্মসূচিতে অংশ নেবেন।
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি ইউপি চেয়ারম্যান ওয়াসিম জোয়ার্দ্দার বিডিনিউজ২৪ডটকমকে জানান, তিন মাস আগে চুনা নদীর পানখালী এলাকায় পাউবো নির্মিত ১৮নং স্লুইস গেটের দুই পাশের ভেড়িবাঁধে ফাটল দেখা দেয়। তখন বিষয়টি লিখিতভাবে উপজেলা পাউবোকে অবহিত করা হলেও তারা কোন গুরুত্ব দেয়নি। ফলে মঙ্গলবার রাতে প্রবল জোয়ারের চাপ ও ঝড়ো হওয়ায় স্লুইস গেটের দুদিকের ভেড়িবাঁধ ভেঙে গেটটি নদীগর্ভে বিলীন হয়ে যায়।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, নকিপুর ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, গাবুরার লেলিন, ঈশ্বরীপুরের আবু সাদেক, বুড়িগোয়ালিনির ওয়াসিম জোয়ার্দ্দার, আটুলিয়ার জিএম কাদের ও কাশিবাড়ি ইউপি চেয়ারম্যান আনিসুর রহমানের নেতৃত্বে ছয় ইউনিয়নের জনসাধারণ ঘেরাও কর্মসূচিতে যোগ দেবেন।
বাঁধ ভেঙে যাওয়ায় গত চারদিনে শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার নয়টি ইউনিয়নের প্রায় ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, শনিবার দুপুর পর্যন্ত ২০০ ফুটেরও বেশি এলাকাজুড়ে ভেড়িবাঁধ ভেঙে গেছে। এতে এ পর্যন্ত এক হাজার পরিবারের ঘর বাড়ি ভেঙে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ২০/২৫ হাজার মানুষ। দুই হাজার একর জমির আমন ফসল ও ৪০০ ঘর পানিতে তলিয়ে গেছে। সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে তিনি জানান।
