২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবি কর্র্তৃপক্ষের সাথে আন্দোলনরত ছাত্রীদের সমঝোতা

নিরাপত্তার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের আন্দোলনরত ছাত্রীদের সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সমঝোতা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় হলের টিভি কক্ষে কর্তৃপক্ষের সাথে ছাত্রীদের বৈঠকের পর এ সমঝোতা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2006, 07:27 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

বৈঠকে ছাত্রীরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হলের সামনে স্থায়ী পুলিশ বক্স স্থাপন, অবিলম্বে প্রভোস্টের পদত্যাগ ও পরবর্তী প্রভোস্ট নিয়োগ, কমপক্ষে পাঁচ জন আবাসিক শিক্ষক ও হল সুপার নিয়োগ, নিরাপত্তা প্রহরীর সংখ্যা বৃদ্ধিসহ বেশ কয়েকটি দাবি জানান। কর্তৃপক্ষ ছাত্রীদের সব সমস্যা সমাধানের আশ্বাস দেন।

এ প্রসঙ্গে প্রক্টর অধ্যাপক ড. আলীনূর রহমান বলেন, ‘ছাত্রীদের দাবি অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তাদের সব সমস্যা দ্রুত সমাধান করা হবে।’

সমঝোতা বৈঠকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মসলেম উদ্দিন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রুহুল আমীন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক ড. শওকত জাহাঙ্গীর, ধর্মতত্ত্ব অনুষদের ডীন অধ্যাপক ড. আ খ ম ওয়ালীউল¬াহ, বিজ্ঞান অনুষদের ডীন ফারুকুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত সোমবার রাত ১০টার দিকে বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের ১১০ নম্বর কক্ষে চুরি হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে হল প্রভোষ্টকে জানাতে চেষ্টা করলেও প্রভোষ্টের বাসা থেকে তিনি ঘুমিয়ে আছেন বলে জানানো হয়। এতে ছাত্রীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। রাত ২টার দিকে বিদ্যুত চলে গেলে পুনরায় ১০৯ নম্বর কক্ষে চুরির ঘটনা ঘটে। এসময় দুটি কক্ষ থেকে দুটি হাত ব্যাগসহ নগদ বেশ কিছু টাকা চুরি হয়। ওই রাতেই চুরির ঘটনা জানাতে ব্যর্থ হয়ে আবাসিক ছাত্রীরা দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ এনে কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের ছাত্রীরা প্রভোষ্টের পদত্যাগ দাবি করে। 

পরদিন সকালে প্রভোষ্ট হলে আসার পর আবাসিক ছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করে।