হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ১০
ঢাকা - সিলেট মহাসড়কের নবীগঞ্জের ফুলতলী বাজারের কাছে শুক্রবার ভোরে এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, টাঙ্গাইল থেকে সিলেটে হযরত শাহজালাল (রঃ) এর মাজার জিয়ারত করতে যাওয়ার পথে একটি মাইক্রোবাস (ঢাকা - মেট্রো - চ - ১১ - ০৬৪১) শুক্রবার ভোর ৬টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ফুলতলী বাজারের কাছে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে— - মুচড়ে যায়।
ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক শামীম আখন্দ (৪০), তার মা আম্বিয়া খাতুন (৬০) এবং ভাই আহাদ আখন্দ (৩২) মারা যান।
আহতদের হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার কাস্তাপাড়া কানুরবাড়ি গ্রামে।
