২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাথরঘাটায় ৮ জেলের লাশ উদ্ধার, প্রতিকূল আবহাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত

বঙ্গোপসাগরে মঙ্গলবার রাতে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আরো আট জেলের লাশ উদ্ধার করা হয়েছে। তবে সাগর উত্তাল থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2006, 03:03 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

বৃহস্পতিবার দুপুর ১২টার পর বরগুনার পাথরঘাটা সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনা থেকে লাশগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন উদ্ধারকারী কোস্টগার্ড দলের সদস্য মিজানুর রহমান। নিহত জেলেরা হলেন, পাথরঘাটার রায়হানপুরের হাছেন (৩৭), কালমেঘাকুপধোনের মালেক (৪৫), শহিদুল (৩৮), কালমেঘার হাতেম খাঁ (৪৫), রান্দার ক্বারী আ. রহিম (৫০), ভোলার কালু মিয়া (৩৫), জ্ঞানপাড়ার বারেক (২৫) ও গলাচিপার রাঙ্গারালীর বাবুল (২৮)।

এদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ১৫০ জন জেলেকে পাথরঘাটা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বিএফডিসি কেন্দ্রে দুটি চিকিৎসক দল কাজ করছে। এদের জন্য ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন এলাকার সংসদ সদস্যসহ অন্যান্যরা।

বিভিন্ন উদ্ধারকারী দল কক্সবাজার, চট্টগ্রাম, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা জেলার ৫০০ জেলেকে উদ্ধার করে নিজ নিজ এলাকায় পৌঁছে দিয়েছে। 

পাথরঘাটা মৎস্য ব্যবসায়ি সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী জানান, অনেক জেলে দুবলার চর, কটকা, কচিখালী, আলোর কোল প্রভৃতি চরে আশ্রয় নিয়েছে। জেলেদের উদ্ধারে তাদের চারটি ট্রলার সাগরের পথে রওনা হয়েছে।

কোস্টগার্ডের পরিচালক লে. কর্নেল সিদ্দিক জানান, জেলেদের উদ্ধারের জন্য কচিখালী, কয়রা ও মংলায় তাদের উদ্ধারকর্মীরা বুধবার থেকে প্রস্তুত হয়ে আছে। কিন্তু উত্তাল সাগরে চলার মতো জাহাজ না থাকায় তারা কাজ শুরু করতে পারছেন না। কোস্টগার্ড ৮০টি নিঁেখাজ ট্রলারের তালিকাও তৈরি করেছে।

দুবলার ফিসিং কোম্পানির সহ-সভাপতি ও সহ-সম্পাদক সফিউল্লাহ ও কামালউদ্দিন জানান, তারা এ পর্যন্ত ৪৬ জেলেকে উদ্ধার করেছেন। তবে শত শত জেলেকে তারা সাগরে ভাসতে দেখেছেন বলে জানান।

বরগুনার জেলা প্রশাসক কাজী ওবায়দুর রহমান বিএফডিসি মৎস্য অবতরণ ঘাটে আশ্রয় নেওয়া জেলেদের দুপুরে দেখতে যান। সেখানে প্রায় দেড় হাজার জেলে অবস্থান করছেন। তাদের জন্য একটি লঙ্গরখানাও খোলা হয়েছে।