বৈদ্যুতিক তার চুরির সময় ২ আনসারসহ গ্রেপ্তার ৪
সাভারের ঢাকা-পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর অফিস স্টোর থেকে আজ বুধবার বৈদ্যুতিক তার চুরির সময় পুলিশ দুই আনসার সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করে। এ ব্যাপার আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু তাহের জানান, পলাশবাড়ী এলাকায় টহলরত দুই আনসার সদস্য ফারুক হোসেন (২৪) ও নিমাই (২৫) এবং দুই পেশাদার চোর মনির হোসেন (৩৫) ও আলম (২৫) মিলে বুধবার ভোর ৪টার দিকে সাভারস্থ ঢাকা-পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর স্টোর রুমে ঢোকে। এ সময় তারা প্রায় ১০ কেজি ওজনের বৈদ্যুতিক তারের একটি বান্ডিল নিয়ে পালানোর সময় পুলিশ তাদের আটক করে।
গ্রেপ্তারকৃত ফারুক ও নিমাই পুলিশের জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে জানান, ‘আমরা যে টাকা বেতন পাই তাতে সংসার চলে না বলে পেশাদার চোরদের সাথে দীর্ঘদিন ধরে সাভারের পলাশবাড়ী, ডেন্ডাবর, ভাদাইলসহ বিভিন্ন এলাকায় এভাবে রাতের আঁধারে চুরি করে আসছি।’
এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম শেখ মনোয়ার মোর্শেদ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।
