ঝড়ো আবহাওয়ায় ৭ টি ফ্লাইট বিলম্বিত
ঝড়ো আবহাওয়ার কারণে বুধবার অভ্যন্তরীণ রুটের সব কয়টি যাত্রীবাহী ফ্লাইট চলাচলে ব্যাঘাত ঘটে।
ঢাকা বিমানবন্দর সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বেসরকারি জিএমজি এয়ারলাইন্সের সাতটি ফ্লাইট দেরীতে ছাড়ে। ফলে এ সব ফ্লাইটের যাত্রীদের নানান দুর্ভোগ পোহাতে হয়।
বিমানের ঢাকা -- চট্টগ্রাম রুটের সকাল ১১ টার ও বিকাল ৪ টার ফ্লাইট এবং ঢাকা -- সিলেট রুটের বিকাল ৪ টার ফ্লাইট বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত ছেড়ে যায়নি। এ সব ফ্লাইটের পুননির্ধারিত সময়সূচিও ঘোষণা করা হয়নি।
জিএমজি এয়ারলাইন্সের ঢাকা -- চট্টগ্রাম ফ্লাইট বিকাল ৪ টা ১০ মিনিটের পরিবর্তে বিকাল সাড়ে ৫টায়, ঢাকা -- সিলেট ফ্লাইট বেলা ২টার বদলে বিকাল পৌণে ৪টায়, ঢাকা -- কক্সবাজার ফ্লাইট সকাল ১১ টার বদলে বেলা পৌণে ১২ টায় যাত্রা করে। এছাড়া ঢাকা -- যশোর ফ্লাইট সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটের বদলে সন্ধ্যা সোয়া ৭ টায় যাত্রা করার কথা।
