সাতক্ষীরায় ডাকাতের গুলিতে আহত নিতাইর মৃত্যু
সাতক্ষীরার ডাকাতের গুলিতে আহত নিতাই চন্দ্র বিশ্বাস (৩৭) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার গভীর রাতে মারা গেছেন।
উল্লেখ্য, গত সোমবার ভোররাতে ব্রহ্মরাজপুর গ্রামের নিতাই বিশ্বাসের বাড়িতে ৮/১০ জনের একটি সশস্ত্র দল ডাকাতির চেষ্টা চালায়। এসময় তিনি এক ডাকাতকে জাপটে ধরলে আরেক ডাকাত নিতাইকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
নিতাইর মায়ের চিৎকারে গ্রামবাসীরা এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। এরপর নিতাইকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার গভীর রাতে তিনি মারা যান।
এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে। পুলিশ এখনও ডাকাতদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
