মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল ও মেহেরপুরে ২ জনের ফাঁসি, ১৩ জনের যাবজ্জীবন
মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ ও বরিশালের আগৈলঝাড়ায় পৃথক হত্যা মামলায় দুজনের ফাঁসি এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া মেহেরপুরে ২০০৫ সালে কৃষক লীগ নেতা হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায়ে আটজনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
মুন্সীগঞ্জ থেকে বিডিনিউজ২৪.কম প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জে চাঞ্চল্যকর পাঁচ হত্যা মামলার একমাত্র আসামী শুকুর আলীর (৪০) ফাঁসি এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার জনাকীর্ন আদালতে মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মনির আহমেদ পাটোয়ারী আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
২০০১ সালের ১ লা জুলাই রাতে শুকুর আলী সদরের সিপাহীপাড়ার নিজ ঘরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে স্ত্রী শিউলী আক্তার (৩২), পুত্র শুভ (৪), কন্যা বৃষ্টি (৬) এবং দুই ভায়রা পুত্র আকাশ (৪) ও রাকিবকে (৮) হত্যা করেন। এসময় ভাগ্যক্রমে বেঁচে যায় শালিকা শাহনাজ (৩০)।
পরকীয়া প্রেম ও পারিবারিক কলহের কারণে এই বর্বরোচিত হত্যাকান্ড ঘটায় বলে শুকুর আলী ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।
শুকুর আলী সিপাহী পাড়ার আব্দুল জলিল বেপারীর পুত্র।
কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ভবানী প্রসাদ সিংহ মঙ্গলবার ভাইকে হত্যা মামলার রায়ে একমাত্র আসামী নাসির উদ্দিনকে ফাঁসির আদেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া গ্রামের মৃত ইন্নছ আলী বেপারীর বড় ছেলে নূরউদ্দিন মাস্টার গত ২০০২ সালের ১ লা আগস্ট সকালে তার ছোট ভাই নাসির উদ্দিনকে সঙ্গে নিয়ে বাড়ি সংলগ্ন বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটার সময় বিদ্যুতের তার ছেঁড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত নাসির উদ্দিন লোহার শাবল দিয়ে নূর উদ্দিনকে তলপেটে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
আশংকাজনক অবস্থায় ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নূর উদ্দিন মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী হোসনে আরা বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর থেকেই আসামী পলাতক রয়েছে।
মেহেরপুর প্রতিনিধি জানান, জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী (৪২) হত্যা মামলার রায়ে আটজনের যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ আব্দুল হামিদ আজ মঙ্গলবার দুপুরে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন কাউসার আলী, নজর ওরফে নজরুল, কালু, কোরবান, ফারুক, রফিকুল, আনার ও হামি ওরফে হামিদুল। শেষের তিনজন ছাড়া সবাই আটক আছে।
২০০৫ সালের ১৮মে রাতে মুজিবনগর উপজেলার বিদ্যাধরপুর গ্রামে কৃষক লীগ নেতা ওয়ারেছ আলীকে লক্ষ্য করে সন্ত্রাসীরা বেশ কয়েকটি বোমা নিক্ষেপ করলে তিনি গুরুতর আহত হন। বোমায় তার শরীর ঝলসে যায়। প্রথমে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ৭ জুন তিনি মারা যান।
এ ব্যাপারে মুজিবনগর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।
বরিশাল প্রতিনিধি জানান, জেলার আগৈলঝাড়ার দক্ষিণ বাগধা গ্রামের দুই সন্তানের জননী মুক্তা খানম (৩৫) হত্যা মামলার রায়ে পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন হালিম মোল্লা, মতিউর রহমান, তৈয়ব আলী সরদার, আজিজ মোল্লা এবং ইলিয়াচ হোসেন।
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শফিউদ্দিন জনাকীর্ণ আদালতে মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ১৮ মার্চ আসামীরা ঘরের বেড়া কেটে ভিতরে ঢুকে মুক্তা খানমকে হত্যা করে। পরের দিন নিহতের বড় ভাই জাহাঙ্গীর হোসেন ভাট্টি বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই গোলাম মাওলা এবং গোলাম মোস্তফা ঘটনার ৭ মাস পর ১৭ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করে।
