রাবির নির্মাণাধীন ছাত্রী হলে আবারো ছাত্রদল ক্যাডারদের তান্ডব
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সশস্ত্র ক্যাডাররা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন পঞ্চম ছাত্রী হলে সোমবার দুপুরে ব্যাপক তান্ডব চালিয়েছে।
তারা হলের আসবাবপত্র এবং নির্মাণ সামগ্রী ভাংচুর ও তছনছ করে এবং হল গেটে তালা ঝুলিয়ে দেয়। তিনদিনের মাথায় দ্বিতীয়বারের মত নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তারা এ সময় দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে জখম করে।
জানা গেছে, ২০ হাজার টাকা চাঁদার দাবিতে রাবি ছাত্রদলের ক্যাডাররা বৃহস্পতিবার থেকে ঐ হলের নির্মাণ ঠিকাদারকে নানা হুমকি দিয়ে আসছিল। শুক্রবার তারা এর নির্মাণ কাজ বন্ধ করে দেয়। চাঁদা না দিয়েই আবারও কাজ শুরু করলে ছাত্রদলের ক্যাডাররা আজ এ তান্ডব চালায়। এ সময় নির্মাণ শ্রমিকদের তারা জানায়, এরপরও কাজ করতে এলে তাদের কেটে সামনের পুকুরে ভাসিয়ে দেয়া হবে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১টার দিকে ছাত্রদল ক্যাডার আশিক ইকবাল রোমেল, আরাফাত রেজা আশিক, মাসুদ পারভেজ, শামীম, রাতুল, মামুন, মানিক, শোভন ও সুমনের নেতৃত্বে ৩০/৩৫ জন ছাত্রদল ক্যাডার লাঠি, রড, হকিস্টিক ও ভারি অস্ত্র নিয়ে পঞ্চম ছাত্রী হলে যায়। তারা হলের ভিতরে ঢুকে দরজা-জানালার কাঁচ, চেয়ার-টেবিলসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে ও ৪/৫ ড্রাম রঙ মাটিতে ফেলে দেয়। হলের ভিতরে রাখা অন্যান্য নির্মাণ সামগ্রীও তারা তছনছ করে। এ সময় রফিক এবং সবুজ নামের দুজন শ্রমিককে তারা পিটিয়ে জখম করে। ছাত্রদল ক্যাডাররা হলে ভাংচুর করার সময় শ্রমিকদের খাবার - দাবার লাথি মেরে ফেলে দেয়। এমনকি তান্ডব চলাকালে দুপুরের খাবার খেতে ব্যস্ত দুই শ্রমিকের হাতের খাবার প্লেটটিও লাথি দিয়ে তারা ফেলে দেয় বলে শ্রমিকরা জানান।
তান্ডব শেষে হলের প্রধান ফটকে ছাত্রদল ক্যাডাররা তালা ঝুলিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। আবার কাজ শুরু করলে গুলি করে সবাইকে হত্যা করা হবে বা কেটে সামনের পুকুরে ভাসিয়ে দেয়া হবে বলে হুমকি দিয়ে ছাত্রদল ক্যাডাররা এলাকা ত্যাগ করে।
বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। ছাত্রদলের যেসব ক্যাডার এই তান্ডবে অংশ নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাবে কিনা এ নিয়ে তিনি ছাত্রদলের চার যুগ্ম-আহবায়কের সাথে মোবাইলে কথা বলেন। এরপর তিনি টুকিটাকি চত্বরে অবস্থান করা ছাত্রদলের ক্যাডারদের দেখেও না দেখার ভান করে তাঁর কার্যালয়ে চলে যান।
সাংবাদিকদের কাছে হামলার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ছাত্রদল ক্যডারদের খুঁজে পাওয়া যাওয়া যাচ্ছে না বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাচ্ছে না। তিনি আরও বলেন, ছাত্রদল নেতাদের সঙ্গে কথা বলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
নির্মাণ কাজের ঠিকাদার আসাদুজ্জামান অভিযোগ করেন, রাবি শাখা ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান সরকার লিখনের নির্দেশে ছাত্রদল ক্যাডাররা তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল।
ভিন্ন একটি সূত্রও এ অভিযোগের সত্যতা স্বীকার করেছে। ছাত্রদলের একটি সূত্র জানায়, সংশ্লিষ্ট ক্যাডাররা ছাত্রদলের আহবায়ক লিখন ও যুগ্ন আহবায়ক আল-আমীন রাসেলের সহচর ও তার গ্র“পের একনিষ্ঠ সদস্য।
হলে তান্ডবের পর থেকে ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান সরকার লিখনের দুটি মোবাইল ফোনে বহুবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এই ক্যাডারদের জড়িত থাকার বিষয়টি যুগ্ন আহবায়ক রাসেল অস্বীকার করেন।
