প্রতি জেলায় ১টি করে ইংরেজী মাধ্যমের বিদ্যালয় করা হবে: সংসদে শিক্ষা প্রতিমন্ত্রী
দেশের প্রতি জেলায় একটি করে ইংরেজী মাধ্যমের বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য দেন।
শিক্ষা প্রতিমন্ত্রী অপর এক প্রশ্নের জবাবে বলেন, দেশে বর্তমানে সরকারি -- বেসরকারি মিলিয়ে ৩ হাজার ৮৭টি কলেজ রয়েছে। এর মধ্যে ২৮২টি সরকারি এবং ২ হাজার ৮০৫টি বেসরকারি কলেজ। এমএম শাহীনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে ইতিমধ্যেই দেশের ৪৬ শতাংশ মাধ্যমিক শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বাকীদের পর্যায়ক্রমে ২০১১ সাল নাগাদ প্রশিক্ষণ দেওয়া হবে।
সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে খরচ সংক্রান্ত ড. এম এ মান্নানের এক প্রশ্নের জবাবে তিনি জানান, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চ শিক্ষা গ্রহণে ৫ বছরে প্রায় ৯০ হাজার টাকা ব্যয় হয়। অপর দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যং হয় কমপক্ষে ২ লাখ থেকে সাড়ে ৮ লাখ টাকা।
