চট্টগ্রামে র্যাবের হাতে সন্দেহভাজন ৬ ব্যাংক ডাকাত গ্রেপ্তার
চারদিন আগে চট্টগ্রাম মহানগরীতে একটি দুর্ধর্ষ ব্যাংক ডাকাতির ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা রোববার সন্দেহভাজন ছয় ব্যাংক ডাকাতকে গ্রেপ্তার করেছে।
এর আগে ১৩ সেপ্টেম্বর একদল সশস্ত্র ডাকাত নগরীর হালিশহরে অগ্রণী ব্যাংকের আর্টিলারি শাখার ক্যাশিয়ারকে গুরুতর জখম করে দিনের আলোতে সাত লাখ টাকা লুট করে নিয়ে যায়।
সূত্র জানায়, র্যাব--৭ এর একটি বিশেষ দল শনিবার বিকেলে নগরীর পাহাড়তলির হোটেল সাইমুনের সামনে থেকে প্রথমে মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেলিমের অপর পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করে।
র্যাব কর্মকর্তারা জানান, ওই দুর্ধর্ষ ব্যাংক ডাকাতিতে কমপক্ষে আট ডাকাত অংশ নেয় বলে সেলিম প্রাথমিক জিজ্ঞাসাবাদে তদন্তকারী কর্মকর্তাদের জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো আব্দুর রাজ্জাক, নুরুল আবসার, নুরুল ইসলাম, মোহাম্মদ নুরুজ্জামান এবং মোহাম্মদ কুতুবুদ্দিন।
গ্রেপ্তারকৃতরা তদন্তকারী কর্মকর্তাদের বলেছে, তারা লুট করা টাকার মধ্যে তিনলাখ টাকা ভাগ করে নিয়েছে এবং বাদবাকি টাকা তাদের পলাতক অপর দুই সহযোগী শফি এবং করিম খানের কাছে রয়েছে।
তারা দীর্ঘদিন ধরে নগরীতে এ ধরনের অপরাধ চালিয়ে আসছে বলেও স্বীকার করেছে।
