২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৌরীপুরে শালিহর ছায়ানীড় আবাসন প্রকল্প উদ্বোধনে দীর্ঘসূত্রিতা

আনুষ্ঠানিকতার আগেই শুরু হয়ে গেছে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার শালিহরে ছায়ানীড় আবাসনের জীবনযাত্রা। আনুষ্ঠানিক উদ্বোধন কবে হবে তা এখনো অনিশ্চিত। কিন্তু দুই শ পরিবার ইতোমধ্যে আশ্রয় নিয়েছে আবাসন প্রকল্প এলাকায়। তবে এখন পর্যন্ত বন্দোবস্ত দলিল বুঝে না পাওয়ায় উদ্বেগের মধ্যেই বাস করছেন এখানকার বাসিন্দারা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2006, 01:49 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

উদ্বোধন না হওয়ায় আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন সংস্থার প্যাকেজ প্রোগ্রাম এখনও আলোর মুখ দেখেনি। চলছে সরকারী অর্থায়ন ও সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রিতা।

তাই বলে থেমে নেই প্রকল্পবাসীরা। ৬ মাস যাবৎ নতুন ঠিকানায় জীবনযাপন করছে এসব ভূমিহীন, ছিন্নমূল মানুষগুলো। নিজেরা চাঁদা দিয়ে মাছ চাষ প্রকল্প শুরু করেছে। ৫ দশমিক ১৯ একরের দুটি পুকুরে মৎস্য প্রকল্প করে তারা স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে।

গৌরীপুর উপজেলা সদর থেকে ৫ কিলোমিটার দূরে শালিহরে ১৬ দশমিক ৪০ একক খাস জমিতে ২০০৪ সালে প্রকল্পের কাজ শুরু হয়। কিন্তু এক বছরের মধ্যেও কাজ শেষ হয়নি, উদ্বোধনও হয়নি। আর এর ফলে অনিশ্চিত হয়ে পড়েছে প্রকল্পটির বিভিন্ন কাজ।

জানা গেছে, ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ১৮৪ মেট্রিক টন চালের বিনিময়ে অধিগ্রহণকৃত জমিতে মাটি ভরাট  ও পুকুর খনন করা হয়। পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা প্রকল্প স্থানে ২০টি ব্যারাক নির্মাণ করে। প্রতি ব্যারাকে ১০ টি পরিবার থাকতে পারবে। চারটি আর্সেনিকমুক্ত টিউবওয়েল, ৮০টি শৌচাগার রয়েছে এতে। ১৬টি হিন্দু পরিবারসহ এক হাজার লোক এই আবাসনের বর্তমান বাসিন্দা।

অবকাঠামোগত কাজ শেষ হলেও আবাসনের দুই কিলোমিটার সংযোগসড়ক, অভ্যন্তরীণ রাস্তা, বিদ্যুৎ সংযোগ, কমিউনিটি সেন্টার, মসজিদ, মন্দির, কবরখানা এখনো হয়নি। জলাবদ্ধতা ও আলো না থাকা আবাসন জীবনযাত্রায় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রকল্প সভাপতি গৌরীপুর ইউএনও সেলিম রেজা বিডিনিউজ২৪.কমকে জানান, সরকারী মেয়াদ শেষের আগেই প্রকল্পটির উদ্বোধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর জানান, উদ্বোধনের অনিশ্চয়তার জন্য প্রকল্পে অসমাপ্ত কাজে মন্থর গতি চলছে।

আবাসন প্রকল্পের উপকারভোগী চম্পা, জাহানারা, আব্দুল হাই জানান, বন্দোবস্ত দলিল না পাওয়ায় তারা উদ্বেগের সঙ্গে এখানে বাস করছেন।

সমাজসেবা, সমবায় ও যুব অধিদপ্তরে আত্ম কর্মসংস্থানের প্যাকেজ প্রোগ্রামের অনিশ্চয়তা না কাটলে প্রকল্পের অধিবাসীদের দারিদ্র্য বিমোচন হবে না বলেও সংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করেছেন।