২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ বছর পর ‘মমিফাইড বডি’

মিশরের পিরামিডের অভ্যন্তরে ফারাউ সম্রাটদের কারও লাশ নয়, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বাহুবল মণ্ডলের ভিটাগ্রামে দীর্ঘ ১০ বছর পর নিতান্ত সাধারণ একজনের লাশ অবিকৃত অবস্থায় পাওয়া গেছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2006, 05:41 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

শুধু লাশই নয়, গায়ে জড়ানো কাফনের কাপড়ও আগের মতোই আছে।

এলাকাবাসী জানায়, নুনখাওয়া ইউনিয়নের ওই গ্রামের মৃত মহিরউদ্দিনের ছেলে পনির উদ্দিন ১০ বছর আগে ৫৫ বছর বয়সে মারা যান। বাড়ির সামনে দুধকুমোর নদী সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নদীর অব্যাহত ভাঙনে বৃহস্পতিবার সকালে তার কবরটি ধসে যায়। ধসে যাওয়া কবরের মধ্যে গ্রামবাসীরা কাফনের কাপড় জড়ানো অবস্থায় লাশটি দেখে বিস্মিত হয়। পরে তারা লাশটি পনিরউদ্দিনের বলে সনাক্ত করে।

খবরটি চাউর হওয়ার পর লাশটি দেখতে বৃহস্পতিবার হাজার হাজার মানুষ ঘটনাস্থলে ভিড় করে। পরে বৃহস্পতিবার দুপুরে পার্শ্ববর্তী ভিতরবন্দ ইউনিয়নের শান্তিপুর গ্রামে জানাজা শেষে লাশটি পুনরায় দাফন করা হয়।

ভিতরবন্দ ইউনিয়নের চেয়ারম্যান শফিউল আলম শফি বিডিনিউজ এর  কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে থানায় যোগাযোগ করা হলে বলা হয়, তারা এ ব্যাপারে কিছু জানে না।

কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ফেরদৌস আলম শিবিবের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, এটা হতে পারে। সাধারণত একে বলা হয় ‘মমিফাইড বডি’। সাধারণত নদীর পারে কবর হলে বালি আর পানির সংমিশ্রণে এরকম হতে পারে। লাশটা শুকিয়ে গেলেও ভেজা বালির কারণে পচে যায়নি। কবরের অভ্যন্তরে থাকা ভেজা বালি এক্ষেত্রে রেফ্রিজারেটরের কাজ করেছে বলেই ধরে নেওয়া যায়।